
বাঙালি বাড়িতে জন্মদিন হোক বা কোনও শুভ অনুষ্ঠান, শেষ পাতে পায়েস না থাকলে যেন ঠিক জমে না। তবে এতদিন তো শুধু গোবিন্দভোগ চালের পায়েসই খেয়েছেন। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লাউয়ের পায়েস (Bottle Gourd Payesh)। শুনে অবাক লাগছে? ভাবছেন, যে লাউ দিয়ে রোজ লাউ চিংড়ি, লাউ ঘণ্ট কিংবা ডাল রান্না হয়, তা দিয়ে আবার মিষ্টি পায়েস হয় নাকি! হ্যাঁ, ঠিকই শুনছেন। পুষ্টিগুণে ভরা এই সবজি যেমন পেট ঠান্ডা রাখে, তেমনই এর পায়েস খেলে আঙুল চাটতে বাধ্য হবেন বাড়ির সবাই।
কী কী লাগবে?
খুব বেশি কিছু নয়, রান্নাঘরের চেনা জিনিস দিয়েই তৈরি হবে এই পদ। হাতের কাছে গুছিয়ে নিন—
কীভাবে বানাবেন?
বানানো একদমই কঠিন নয়। প্রথমে কচি লাউটির খোসা ছাড়িয়ে একদম ঝিরি ঝিরি করে কেটে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা ঘি দিন। আঁচ থাকবে মাঝারি। ঘি গরম হলে কেটে রাখা লাউ দিয়ে হালকা ভাজতে থাকুন। যতক্ষণ না লাউ থেকে জল ছাড়ছে, ততক্ষণ নেড়েচেড়ে নিন।
মনে রাখবেন, লাউ সেদ্ধ করার জন্য আলাদা করে এক ফোঁটাও জল দেবেন না। লাউয়ের নিজের জলেই তা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মিনিট ৬-৭ পর লাউ মজে এলে তার মধ্যে ১ লিটার দুধ ঢেলে দিন।
এবার আসল কাজ। দুধ আর লাউ ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত রান্না চলবে। তবে মাঝে মাঝেই খুন্তি দিয়ে নাড়তে ভুলবেন না, নইলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে।
শেষ চমক
পায়েস যখন ক্ষীরের মতো ঘন হয়ে আসবে, তখন বড় এক বাটি চিনি দিয়ে দিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়ুন। সবশেষে ওপর থেকে কুচানো পেস্তা, কাঠবাদাম আর কাজুবাদাম ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি আপনার স্পেশাল লাউয়ের পায়েস। ঠান্ডা করে পরিবেশন করুন।