Soggy biscuits: বর্ষায় বিস্কুট-চানাচুর নরম হয়ে গিয়েছে? ফেলবেন না, কৌটোয় এটা রাখলেই থাকবে মুচমুচে
Food care kitchen hacks: বয়ামে রাখা বিস্কুট বা চানাচুর নরম হয়ে গেলে ফেলে দেওয়ার দরকার নেই। রান্নাঘরের কাঁচা চালের ছোট্ট এক টোটকাতেই নিমেষে ফিরে আসবে আগের মতো মুচমুচে স্বাদ। কী কী করবেন চটপট জেনে নিন।

রান্নাঘরের টুকিটাকি (Kitchen Hacks) নিয়ে কমবেশি সবাই চিন্তায় পড়েন, বিশেষ করে যখন শখের বিস্কুট বা চানাচুর নরম হয়ে যায়। বিকেলের চায়ের সঙ্গে একটা মুচমুচে বিস্কুট বা একটু নোনতা চানাচুর না হলে কি আড্ডা জমে? কিন্তু বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া কিংবা বর্ষা ছাড়াও অতিরিক্ত গরমে বয়ামের ঢাকনা একটু ঢিলে হলেই ঘটে বিপত্তি। মুচমুচে ভাব উধাও হয়ে খাবারগুলো কেমন যেন নরম আর চুপসে যায়। তখন ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে চিন্তা নেই, এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার হেঁশেলেই। রান্নাঘরের সামান্য কাঁচা চাল ব্যবহার করেই কিন্তু বিস্কুট বা নিমকি দীর্ঘদিন টাটকা রাখা সম্ভব। শিখে নিন কায়দাটা।
কেন নরম হয়ে যায় শুকনো খাবার?
আমাদের চারপাশের বাতাসে সবসময় কম-বেশি জলীয় বাষ্প থাকে। বিজ্ঞান বলছে, বিস্কুট, চিপস বা চানাচুর জাতীয় শুকনো খাবারে জলের পরিমাণ খুব কম থাকে। তাই বয়ামের ঢাকনা খুললেই এরা বাইরের বাতাস থেকে চটজলদি আর্দ্রতা শুষে নেয়। ফলে যে জিনিসটি কড়কড়ে থাকার কথা, সেটাই নরম হয়ে যায়। আর তখন সেই কাবার খেতে একেবারেই ভালো লাগে না।
চালের পুঁটলি
- কাঁচা চালের জল শুষে নেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে। খাদ্যবিজ্ঞানীদের মতে, চাল প্রাকৃতিকভাবেই ভালো ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে। তাই সামান্য চাল বয়ামে রাখলে তা বাতাসের অতিরিক্ত ভিজে ভাব নিজের মধ্যে টেনে নেয়।
- প্রথমে একটি ছোট পরিষ্কার পাতলা সুতির বা টিস্যু কাপড় নিন।
- তার মধ্যে এক থেকে দুই চামচ শুকনো কাঁচা চাল রেখে ভালো করে মুখটি বেঁধে ছোট্ট পুঁটলি বানান।
- এবার বিস্কুট বা চানাচুরের বয়ামের একদম তলায় এই পুঁটলিটি রেখে দিন।
- তার ওপর খাবারগুলো রেখে বয়ামের মুখটি ভালো করে এঁটে বন্ধ করে রাখুন।
চিনির দানা
- চালের মতো শুকনো চিনির দানাও কিন্তু আর্দ্রতা শুষে নিতে পারে। চালের বদলে আপনি চিনির ছোট একটি পুঁটলি বানিয়েও বয়ামে রেখে দিতে পারেন। এতে বয়ামের ভেতরের শুকনো পরিবেশ বজায় থাকে এবং খাবার সহজে নরম হয় না।
- তাই খাবার নরম হয়ে গিয়েছে দেখে আর মন খারাপ করার প্রয়োজন নেই। সামান্য এই ঘরোয়া কৌশলেই বিস্কুট আর চানাচুর থাকবে একদম নতুনের মতো খাস্তা ও মুচমুচে।
