
জীবনের আরেক নামই তো দৌড়! বাসের জন্য দৌড়, ট্রেনের জন্য দৌড়, অফিসে প্রোমোশনের ইঁদুরদৌড়। আর অলিম্পিকের ট্র্যাকের দিকে তাকালে তো কথাই নেই। ১০০ মিটার স্প্রিন্টে একসঙ্গে কতজন দৌড়য়? কেউ মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যায়, কেউ হাঁপিয়ে পিছিয়ে পড়ে। আর ফিনিশিং লাইন ছুঁয়ে পদক জেতে মাত্র একজন! কিন্তু জানেন কি, আমাদের প্রত্যেকের জীবনের শুরুটাও ঠিক এমনই এক অলিম্পিক দৌড় দিয়ে হয়েছিল?
তবে সেই রেসের ট্র্যাকটা ছিল আরও অনেক বেশি ভয়ংকর। সেখানে প্রতিযোগী একজন বা দুজন নয়, একেবারে ৩০ কোটি! আর ফিনিশিং লাইনে মহার্ঘ্য গোল্ড মেডেলের মতো অপেক্ষা করছিল একটিমাত্র ডিম্বাণু। এই দৌড়ের নিয়ম বড় কঠিন। এখানে রানার্স-আপ বা সান্ত্বনা পুরস্কারের জায়গা নেই। হারার অর্থ স্রেফ মৃত্যু! কিন্তু একটাই তো ডিম্বাণু, তাহলে তাকে নিষিক্ত করতে ৩০ কোটি প্রতিযোগীর এই মরণবাঁচন ইঁদুরদৌড় কেন? কারণটা শুনলে চমকে যাবেন। আসলে শুক্রাণুদের এই যাত্রাপথটা মোটেও মসৃণ সিন্থেটিক ট্র্যাক নয়, পদে পদে বিপদ আর মৃত্যুর ফাঁদ পাতা এক ভয়ংকর গোলকধাঁধা!
প্রথম ধাক্কাতেই লাখ লাখ প্রতিযোগীর ‘গেম ওভার’। মহিলাদের প্রজননতন্ত্রের পরিবেশ এমনিতে অত্যন্ত অ্যাসিডিক। বাইরের জীবাণুর হাত থেকে শরীরকে বাঁচাতেই প্রকৃতির এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু শুক্রাণুদের কাছে জায়গাটা আক্ষরিক অর্থেই মৃত্যুর খাঁচা! এই অ্যাসিডের পুল পেরোতে গিয়েই কয়েক কোটি শুক্রাণুর ভবলীলা সাঙ্গ হয়। যারা একটু বেশি শক্তিশালী, তারাই কেবল এই বাধা টপকে জরায়ুর দিকে এগিয়ে যাওয়ার টিকিট পায়।
অ্যাসিডের হাত থেকে বাঁচলে জরায়ুতে অপেক্ষা করে রয়েছে আরও এক বিপদ। মহিলাদের শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম বা শ্বেতকণিকা শুক্রাণুকে চেনে না। তাদের কাছে এরা নিছকই ‘বহিরাগত শত্রু’। আর শত্রু দেখলেই যা হয়, শুরু হয় তুমুল আক্রমণ! শ্বেতকণিকাগুলি গপগপ করে গিলে ফেলতে থাকে হাজার হাজার শুক্রাণুকে। এই রক্তক্ষয়ী লড়াই সামলে খুব অল্প সংখ্যক শুক্রাণুই সামনের দিকে এগোতে পারে।
জরায়ু পার হওয়ার পর আসে ফ্যালোপিয়ান টিউবের পালা। মহিলাদের শরীরে টিউব থাকে দুটি, কিন্তু ডিম্বাণু অপেক্ষা করে যে কোনও একটিতে। শুক্রাণুদের কাছে তো আর গুগল ম্যাপ বা জিপিএস নেই! তাই ভাগ্যের ওপর ভরসা করে অর্ধেক শুক্রাণু ভুল পথ বেছে নেয়। আর যারা ফাঁকা টিউবে গিয়েছে, তাদের যাত্রা চিরতরে ওখানেই শেষ।
সব বাধা পেরিয়ে গুটিকয়েক শুক্রাণু যখন ক্লান্ত শরীরে ডিম্বাণুর কাছে পৌঁছয়, তখন শুরু হয় আসল কাজ। ডিম্বাণুর চারপাশে থাকে একটি দুর্ভেদ্য শক্ত বর্ম। একটিমাত্র শুক্রাণুর পক্ষে একা সেই দেওয়াল ভাঙা কখনও সম্ভব নয়। তখন শুরু হয় এক অদ্ভুত টিমওয়ার্ক। অনেক শুক্রাণু একসঙ্গে মিলে নিজেদের শরীর থেকে এক ধরনের রাসায়নিক নির্গত করে বর্মটা গলানোর চেষ্টা করে। এই মরিয়া চেষ্টায় তারা নিজেদের প্রাণ হারায়। আর তাদেরই তৈরি করা পথ দিয়ে একটিমাত্র ভাগ্যবান শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে। অর্থাৎ, কোটি কোটি শুক্রাণুর এই দৌড় আসলে শুধুই অলিম্পিকের ইঁদুরদৌড় নয়, এটি এক চরম আত্মত্যাগের গল্প। ওই কয়েক কোটি শুক্রাণু নিজেদের জীবন দেয় বলেই, নতুন একটি প্রাণের জন্ম হওয়া সম্ভব হয়!