‘Page Not Found’ বা ‘404 Error’ কেন দেখায় জানেন?

404 Error: ইন্টারনেটে ব্রেকিং নিউজ বা টাটকা কোনও গসিপ পড়তে গিয়ে হঠাৎ 'Page Not Found' লেখা ভেসে উঠেছে? কেন এমনটা হয় আর এর সমাধান কী, জেনে নিন সহজ ভাষায়। , ইন্টারনেট কেন আপনাকে হঠাৎ এই বিরক্তিকর বার্তা দেয়?

Page Not Found বা 404 Error কেন দেখায় জানেন?
কারণ কী?Image Credit source: free pik

Sep 25, 2026 | 3:55 PM

ব্রাউজার স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল জবরদস্ত কোনও ব্রেকিং নিউজ। কিংবা ধরুন, আপনার প্রিয় তারকার টাটকা কোনও গসিপ। দেখেই চোখ আটকে গিয়েছে! বাকি সব কাজ ফেলে হুড়মুড়িয়ে লিঙ্কে ক্লিক করলেন। ভাবছেন এই বুঝি ভেতরের সব হাঁড়ির খবর বেরিয়ে আসবে। কিন্তু একি! পেজ খোলার বদলে স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠল, ‘Page Not Found’ বা ‘404 Error’। উত্তেজনার পারদ তখন এক ধাক্কায় সোজা নীচে। রাগে মোবাইলটাই ছুড়ে ফেলতে ইচ্ছে করে, তাই না? কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, জমজমাট খবরের বদলে ইন্টারনেট কেন আপনাকে হঠাৎ এই বিরক্তিকর বার্তা দেয়?

আড়ালে ঠিক কী ঘটে?

ইন্টারনেটের দুনিয়াকে একটা বিশাল লাইব্রেরি হিসেবে ভাবতে পারেন। আপনি যখন ব্রাউজারে কোনও ওয়েবসাইটের ঠিকানা লেখেন, তখন আপনার ব্রাউজার লাইব্রেরিয়ানের মতো সার্ভারের কাছে গিয়ে ঠিক সেই নির্দিষ্ট পেজটা চায়। সার্ভারের কাছে সেই পেজ বা ফাইলটা থাকলে, তা সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে খুলে যায়। কিন্তু সার্ভার যদি গোটা লাইব্রেরি তন্নতন্ন করে খুঁজেও সেই পেজটি না পায়, তখনই সে আপনাকে একটা সংকেত পাঠায়। প্রযুক্তির ভাষায় এটি একটি ‘এইচটিটিপি স্ট্যাটাস কোড’ (HTTP Status Code), যাকে আমরা ‘404 Not Found’ হিসেবে দেখি। সোজা কথায়, আপনি যে পাতাটি পড়তে চাইছেন, তার অস্তিত্ব আর সেখানে নেই।

কেন দেখায় এই মেসেজ?

পেজ খুলছে না দেখলেই অনেকে ভাবেন ইন্টারনেট সংযোগ বোধহয় খারাপ বা ওয়েবসাইটটি হয়তো ডাউন হয়ে গিয়েছে। কিন্তু আসল সত্যিটা হল, এটি একটি ‘ক্লায়েন্ট-সাইড এরর’। অর্থাৎ, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা ওয়েবসাইটের লিঙ্কের হয়। এর পিছনে কয়েকটি নির্দিষ্ট কারণ থাকে:

ভুল ঠিকানা: সবচেয়ে সাধারণ কারণ হল ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল (URL) টাইপ করতে ভুল হওয়া। একটা অক্ষর এদিক-ওদিক হলেই পেজ আর খুলবে না।

পেজ মুছে ফেলা: যে খবর বা গসিপটি আপনি খুঁজছেন, ওয়েবসাইটের মালিক হয়তো তা চিরতরে ডিলিট করে দিয়েছেন।

ব্রোকেন লিঙ্ক বা ভাঙা পথ: অনেক সময় ওয়েবসাইট নতুন করে সাজানোর সময় বা পেজ অন্য জায়গায় সরালে লিঙ্কের ঠিকানা বদলে যায়। তখন পুরনো ঠিকানার সঙ্গে নতুন ঠিকানার যোগসূত্র তৈরি না করলে লিঙ্ক ভেঙে যায়। একে ব্রোকেন লিঙ্ক বলে।

কীভাবে সামলাবেন?
এমন মেসেজ দেখলে মেজাজ হারাবেন না। প্রথমেই ওয়েবসাইটের ঠিকানাটা ঠিক লিখেছেন কি না, তা মিলিয়ে নিন। সরাসরি ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় খবরটি খুঁজতে পারেন। এছাড়া ব্রাউজারের ক্যাশ (cache) ক্লিয়ার করে পেজটি রিফ্রেশ করেও একবার দেখে নেওয়া যেতে পারে।

বর্তমানে ওয়েবসাইট মালিকরা এই বিষয়টি নিয়ে বেশ সতর্ক। তাই ব্যবহারকারীরা যাতে বিরক্ত হয়ে ফিরে না যান, তার জন্য অনেক সাইট মজার ‘কাস্টম 404 পেজ’ তৈরি করে রাখে। সেখানে সার্চ বক্স বা অন্য পেজের লিঙ্ক দেওয়া থাকে, যাতে আপনি সহজেই ওয়েবসাইটের মূল স্রোতে ফিরে যেতে পারেন। তাই পরের বার এমন মেসেজ দেখলে ঘাবড়ে না গিয়ে, একটু বুদ্ধি খাটিয়েই সমাধান করে ফেলুন!

Loading...
Unable to load recommendations.
Follow Us