
ভালোবাসার সপ্তাহের অন্যতম আবেগঘন দিন হাগ ডে। শুধু আলিঙ্গন নয়, এই দিনটি ভালোবাসা, যত্ন এবং মানসিক ভাবে কাছাকাছি থাকার প্রতীক। তবে প্রতি বছর চকোলেট, কার্ড বা সফট টয়ের মতো চেনা গিফটের বাইরে গিয়ে এবার অনেকেই খুঁজছেন নতুন ধরনের উপহার। যা বিশেষ দিন কে সারাজীবন মনে রাখবে।
হাগ ডেতে গিফটের মূল উদ্দেশ্য আবেগকে প্রকাশ করা। সেই ভাবনাকে মাথায় রেখেই সামনে এসেছে কিছু নতুন ধরনের গিফট আইডিয়া।
আলিঙ্গন করে নিজের ভালোবাসার মানুষটিকে কী দেবেন?
‘হাগ জার’ ট্রেন্ডে
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়েছে ‘হাগ জার’। একটি ছোট জারের মধ্যে লিখে দিতে পারেন একাধিক ভালোবাসার নোট, স্মৃতি কিংবা উৎসাহমূলক বার্তা। প্রিয় মানুষ প্রতিদিন একটি করে নোট পড়তে পারেন। যাতে প্রতিদিনই তিনি পাবেন এই বিশেষ দিনের অনুভূতি।
ডিজিটাল মেমোরি গিফট
বর্তমান ডিজিটাল যুগে কাস্টম অডিও বা ভিডিও মেসেজও জনপ্রিয় হচ্ছে। নিজের কণ্ঠে রেকর্ড করা বার্তা, কিংবা দু’জনের স্মৃতি নিয়ে তৈরি ভিডিও উপহার দিতে পারেন। বিশেষ করে যদি এই দিনে আপনার জীবনের বিশেষ মানুষের সঙ্গে দেখা না হয়।
গাছ : দীর্ঘস্থায়ী ভালোবাসার প্রতীক
পরিবেশবান্ধব গিফট হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন ছোট গাছ বা ইনডোর প্ল্যান্ট। অনেকেই মনে করেন গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে বড় হবে সম্পর্কের স্মৃতি ও বন্ধন।
টাইম ক্যাপসুল- ভবিষ্যতের জন্য ভালোবাসা
টাইম ক্যাপসুল গিফটও এবার নজর কেড়েছে। একটি বক্সে রাখতে পারেন ছবি, চিঠি, ছোট উপহার ও ভবিষ্যতের উদ্দেশে লেখা বার্তা। তবে সেই উপহার এখন খুলতে পারবেন না আপনার ভালোবাসার মানুষ। নির্দিষ্ট সময় পরে একসঙ্গে খোলা হবে সেটি।
অভিজ্ঞতাভিত্তিক উপহার
বস্তুগত গিফটের পাশাপাশি সুন্দর অভিজ্ঞতা উপহার দিতে পারেন। যেমন একসঙ্গে রান্না করা, সিনেমা দেখা, ছোট ভ্রমণ কিংবা সারপ্রাইজ আউটিং এই অভিজ্ঞতাই বিশেষ দিন কে আরও স্মরণীয় করে তুলবে। এমন উপহার দিন যাতে আপনার ভালোবাসা মিশে থাকবে। আর আপনার ভালোবাসার মানুষ এই বিশেষ দিনকে মনে রাখেন আজীবন।