
এতদিন সবার আক্ষেপ ছিল যে কিছুতেই শীত পড়ছে না। ভরা পৌষে অনেকেই ফ্যান চালিয়েছেন। প্রতি বছর নিয়ম করে যে সব কম্বল আলমারি থেকে নামানো হত এবার সেই লেপ-কম্বলের প্রয়োজনও পড়েনি। বরফের খোঁজে বাঙালি ছুটে গিয়েছে দার্জিলিং থেকে কাশ্মীর। কিন্তু হতাশ হতে হয়েছে। এল নিনোর প্রভাবে এবছর ঠান্ডা বিশেষ পড়েনি। এর মাঝে অবশ্য পশ্চিমী ঝঞ্জার প্রকোপে বৃষ্টিও হয়েছে। অবশেষে মুখ রক্ষা করল শীত। পৌষ সংক্রান্তিতে সাগর পাড় থেকে উড়ে এল ঠান্ডা হাওয়া। আর এবার শীত বেশ জাঁকিয়েই পড়ল। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, চব্বিশ পরগণা, উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। বলা ভাল কনকনিয়ে শীত এতদিনে উপভোগ করা যাচ্ছে। আজ বাড়িতে পিঠে-পুলি উৎসব। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় পিকনিকও চলছে। শীত পড়লে তবেই না পিকনিকের মজা।
মেরে কেটে আর মাত্র কয়েকদিনের স্থায়িত্ব শীতের। শীতের দিনে বাইরে ঘুরতে যেতে, খেতে যেতে বেশ লাগে। আবহাওয়া ভাল থাকার দরুণ এই সময় বাড়িতে ভাল-মন্দ রান্নাও হয়। শেষ রবিবার ছিল টলিপাড়ার পিকনিক। সেখানে নায়ক-নায়িকাদের অধিকাংশকেই দেখা গিয়েছে নীল ডেনিম আর সাদা সোয়েটারে। কেউ জ্যাকেট, কেউ সোয়েটার, কেউ পুলওভার, কেউ বা সোয়েট শার্ট পরেছেন। আর প্রত্যেককেই দেখতে লাগছে খুব সুন্দর। সাদা রং যেমন স্নিগ্ধ তেমনই এই রঙে সুন্দর স্টাইলও করা যায়।
শীতের রং এমনিই ধূসর। আর তাই শীতের দিনে ধূসর, সাদা এসব রং দেখতে বেশ ভাল লাগে। সাদার মধ্যে যেমন মন খারাপ আছে তেমনই একটা স্নিগ্ধতা আছে। সাদা জ্যাকেটের সঙ্গে ডেনিম, বাহারি স্কার্ফ এসব বেশ লাগে দেখতে। যাঁরা এই সময় পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাঁদের মধ্যেও অনেকে সাদা রঙের জ্যাকেট পরছেন। সাদা জুতো তো অনেক দিন ধরেই ট্রেন্ডিংয়ে। সাদা বুট খুবই স্টাইলিশ লাগে পরলে। ইশা সাহা থেকে শুরু করে পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়- প্রত্যেককেই সুন্দর লাগছে সাদা পোশাকে। এই শীতে আপনিও স্টাইল করুন এমন সাদা পোশাকে। চোখে একটা সানগ্লাস পরলেই হবে। চুল খোলা রাখুন। ব্যাস আপনিই তাহলে এই শীতে ফ্যাশনিস্তার তকমা কাড়বেন।