
নয়া দিল্লি: ফর্মাল শার্ট হোক কিংবা ক্যাজুয়াল কটন শার্ট, কিংবা ইউনিফর্ম। কখনও ভেবে দেখেছেন সাধারণত বাঁ দিকেই কেন পকেট থাকে? ডান দিকে কেন থাকে না? এর পিছনে শুধুই ফ্যাশন নয়, জড়িয়ে রয়েছে ইতিহাস, ব্যবহারিক সুবিধা এবং দীর্ঘদিনের অভ্যাস।
শার্টের পকেট বাঁ দিকে থাকার পিছনে অন্যতম ব্যাখ্যা হিসাবে উঠে আসে পুরনো সামরিক পোশাকের কথা। একটা সময় পুরুষদের পোশাকে ফ্যাশনের তুলনায় ব্যবহারিক সুবিধাকেই বেশি গুরুত্ব দেওয়া হত। সৈনিকরা বুকের পকেটে ছোট নোট, প্রয়োজনীয় সরঞ্জাম কিংবা অন্যান্য জিনিস রাখতেন।
অধিকাংশ মানুষ ডানহাতি হওয়ায় ডান হাত দিয়ে শরীরের বাঁ দিকে থাকা পকেট থেকে প্রয়োজনীয় জিনিস দ্রুত বের করা তুলনামূলক সহজ ছিল। ধীরে ধীরে সামরিক পোশাকের এই নকশাই সাধারণ পোশাকেও জায়গা করে নেয়। সেই চলই থেকে যায়।
এর পিছনে ব্যবহারিক কারণও রয়েছে। অধিকাংশ মানুষ দৈনন্দিন কাজের জন্য ডান হাত বেশি ব্যবহার করেন। ফলে ডান হাত দিয়ে বুকের বাঁ দিকে থাকা পকেটে হাত দেওয়া অনেক সুবিধাজনক।
অন্যদিকে, ডান হাত দিয়ে ডান দিকের বুকপকেটে হাত দিতে গেলে কনুই অনেকটা বাইরের দিকে সরাতে হয়। তুলনায় ডান হাত বাঁ দিকের পকেটে নিয়ে গেলে নড়াচড়া অনেক বেশি স্বচ্ছন্দ হতে পারে।
শুধু ব্যবহারিক সুবিধা নয়, শার্টের নকশার ক্ষেত্রেও পকেটের অবস্থান গুরুত্বপূর্ণ। সাধারণ শার্টের মাঝখানে থাকে বোতামের সারি বা প্ল্যাকেট। সঙ্গে কলার এবং ফর্মাল পোশাকের ক্ষেত্রে টাই-ও থাকতে পারে। দীর্ঘদিন ধরে বাঁ দিকের একটি পকেটই শার্টের পরিচিত নকশার অংশ হয়ে উঠেছে।
এর সঙ্গে আরও একটি প্রচলিত ধারণা রয়েছে। অতীতে অনেকে বুকপকেটে প্রিয়জনের ছবি, চিঠি কিংবা ব্যক্তিগত ছোটখাটো জিনিস রাখতেন। বাঁ দিককে হৃদয়ের কাছাকাছি বলে ভাবার কারণে এই জায়গাটির একটি প্রতীকী গুরুত্বও তৈরি হয়েছিল। যদিও শার্টের পকেট বাঁ দিকে থাকার একমাত্র বা প্রামাণ্য কারণ হিসাবে এই ব্যাখ্যাকে ধরা যায় না।
পুরুষদের শার্টে দীর্ঘদিন ধরেই পকেটকে ব্যবহারিক প্রয়োজনের অংশ হিসাবে দেখা হয়েছে। তাই বাঁ দিকের বুকপকেট একটি প্রচলিত নকশায় পরিণত হয়েছে। মহিলাদের শার্ট বা ব্লাউজের ক্ষেত্রে অবশ্য ছবিটা আলাদা। অনেক পোশাকেই বুকপকেট রাখা হয় না। আবার পকেট থাকলেও তার অবস্থান ও নকশায় অনেক বেশি বৈচিত্র্য দেখা যায়।
আধুনিক সময়ে মোবাইল ফোন, ব্যাগ কিংবা ওয়ালেটের ব্যবহার বাড়ায় শার্টের বুকপকেটের প্রয়োজনীয়তা আগের তুলনায় অনেকটাই কমেছে। অনেক প্রিমিয়াম ফর্মাল শার্টে আবার আরও পরিপাটি লুক দেওয়ার জন্য বুকপকেটই রাখা হয় না।
তবু একটি পকেট থাকলে সেটি সাধারণত বাঁ দিকেই দেখা যায়। কারণ, কয়েক প্রজন্ম ধরে মানুষ এই নকশা দেখেই অভ্যস্ত। পোশাক প্রস্তুতকারক সংস্থাগুলিও তাই পরিচিত ডিজাইন বদলানোর প্রয়োজন বোধ করে না হয়তো। কোথাও দুই পাশে পকেট কিংবা একেবারেই পকেটহীন শার্ট দেখা গেলেও শুধুমাত্র ডান দিকে একটি বুকপকেট এখনও তুলনামূলক বিরল।