Flight secrets: ধূমপান নিষিদ্ধ, তাও বিমানের বাথরুমে কেন অ্যাশট্রে থাকে জানেন?

Airplane ashtray: বিমানে তো ধূমপান করা ঘোর অপরাধ। বিমানে উঠলে একটা ঘোষণা বারবার কানে আসে, 'দয়া করে সিটবেল্ট বেঁধে নিন, বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।' তাও বিমানের বাথরুমে উঁকি মারলে দেখা যায় একটি অ্যাশট্রে! যেখানে সিগারেট খাওয়াই বারণ, সেখানে ছাইদানি কেন? জানুন আসল কারণ।

Flight secrets: ধূমপান নিষিদ্ধ, তাও বিমানের বাথরুমে কেন অ্যাশট্রে থাকে জানেন?
জেনে নিন আসল কারণImage Credit source: Getty Images

Sep 24, 2026 | 9:55 AM

বিমানে উঠলে একটা ঘোষণা বারবার কানে আসে, ‘দয়া করে সিটবেল্ট বেঁধে নিন, বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।’ কিন্তু বিমানের বাথরুমে গিয়ে খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, ঠিক দরজার গায়ে বা বেসিনের পাশে একটা ছোট্ট ছাইদানি বা অ্যাশট্রে বসানো রয়েছে। ভাবছেন তো, যে বিমানে সিগারেট ধরানোই বারণ, সেখানে অ্যাশট্রের কী কাজ? এ আবার কেমন রসিকতা! আসলে এর পিছনে কোনও রসিকতা নেই, লুকিয়ে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস।

কেন রাখা থাকে অ্যাশট্রে?

নিয়ম ভাঙতে কিছু মানুষের খুব ভালো লাগে। আকাশে উড়ন্ত বিমানেও এমন অনেক যাত্রী থাকেন, যাঁদের ধূমপানের নেশা আচমকা মাথাচাড়া দিয়ে ওঠে। ধরে নেওয়া যাক, কেউ একজন লুকিয়ে বাথরুমে গিয়ে সিগারেট ধরালেন। কিন্তু স্মোক ডিটেক্টরের অ্যালার্ম বাজার ভয়ে, তাড়াহুড়ো করে জ্বলন্ত সিগারেটটি সোজা ফেলে দিলেন ডাস্টবিনে। আর এখানেই লুকিয়ে আছে আসল বিপদ। বাথরুমের ডাস্টবিনে থাকে প্রচুর টিস্যু পেপার বা কাগজ। জ্বলন্ত সিগারেটের টুকরো সেখানে পড়লে চোখের নিমেষে আগুন ধরে যেতে পারে। হাজার হাজার ফুট উঁচুতে বিমানে একবার আগুন লাগলে কী ভয়ানক কাণ্ড হতে পারে, তা নিশ্চয়ই আর আলাদা করে বুঝিয়ে বলতে হবে না।

এই মারাত্মক বিপদের কথা ভেবেই আমেরিকার উড়ান নিয়ন্ত্রক সংস্থা (US Federal Aviation Administration) একটি কড়া নিয়ম চালু করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি যাত্রীবাহী বিমানের বাথরুমে একটি অ্যাশট্রে থাকতেই হবে। এটা কোনও সাধারণ পরামর্শ নয়, একদম কড়া আইন। ইন্ডিগোর মতো ভারতের বিমান সংস্থাগুলিও এই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে। এর মানে এই নয় যে, বাথরুমে গিয়ে আরাম করে সিগারেট খাওয়া যাবে। কেউ যদি নিয়ম ভেঙে লুকিয়ে সিগারেট ধরিয়েও ফেলেন, তিনি যেন অন্তত জ্বলন্ত টুকরোটি ডাস্টবিনে না ফেলে ওই অ্যাশট্রেতেই নেভান। মূলত বড়সড় বিপদ এড়াতেই এই অভিনব ব্যবস্থা।

বিমান সংস্থাগুলি কেন এত কড়াকড়ি করে? এর পিছনে রয়েছে এক ভয়াবহ অতীত। সালটা ১৯৭৩। রিও ডি জেনেইরো থেকে প্যারিসে যাচ্ছিল ভ্যারিগ বোয়িং ৭০৭ বিমান। মাঝ আকাশে হঠাৎ তার বাথরুমে আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। প্যারিসের কাছে জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি ভেঙে পড়ে। প্রাণ হারান ১২০ জন মানুষ। পরে তদন্তে জানা গিয়েছে, জ্বলন্ত সিগারেট ঠিকমতো না নেভানোর জন্যই ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।

সেই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তার স্বার্থে এই অ্যাশট্রের নিয়ম চালু হয়। তাই পরের বার বিমানে উঠে অ্যাশট্রে দেখলে অবাক হবেন না। জানবেন, ওটা নিরাপত্তার জন্যই রাখা।

বিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ক্যানসারের কারণ।

Loading...
Unable to load recommendations.
Follow Us