
নয়া দিল্লি: কম্পিউটার হোক বা ল্যাপটপ, কাজ করতে গেলে কী-বোর্ড অত্যাবশকীয়। এমনকী স্মার্টফোনে টাইপ করার সময়ও একই ধরনের কীবোর্ড চোখের সামনে থাকে। তাতেই টাইপ করে কাউকে মেসেজ পাঠানো বা নোটস নেওয়ার কাজ চলে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কীবোর্ডের অক্ষরগুলি এবিসিডি অনুযায়ী পরপর সাজানো হয় না কেন? উপরের সারির শুরুতেই কেন Q-W-E-R-T-Y? আপাতদৃষ্টিতে এই ব্যবস্থা জটিল মনে হলেও এর পিছনে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস। আর সেই ইতিহাস কম্পিউটারের নয়, টাইপরাইটারের।
১৮৬০-এর দশকে মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস এমন একটি যন্ত্র তৈরির কাজ করছিলেন, যেখানে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে কাগজে অক্ষর ছাপানো সম্ভব হবে। তাঁর তৈরি প্রথম দিকের টাইপরাইটারের কীবোর্ড কিন্তু আজকের পরিচিত QWERTY পদ্ধতিতে সাজানো ছিল না। বরং অক্ষরগুলি অনেকটাই বর্ণ অনুযায়ী সাজানো ছিল।
পরবর্তী সময়ে যন্ত্রটির নকশা উন্নত করতে গিয়ে শোলস ও তাঁর সহযোগীরা অক্ষরগুলির অবস্থান নিয়েও একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেন। ১৮৭০-এর দশকে ধীরে ধীরে সামনে আসে আজকের পরিচিত QWERTY লেআউট।
এর সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা জড়িয়ে রয়েছে পুরনো টাইপরাইটারের যান্ত্রিক ব্যবস্থার সঙ্গে। প্রথম দিকের টাইপরাইটারে প্রতিটি অক্ষরের সঙ্গে একটি করে ধাতব টাইপবার যুক্ত থাকত।
দ্রুত পাশাপাশি দু’টি কী চাপলে টাইপবারগুলি একে অপরের সঙ্গে আটকে যাওয়ার আশঙ্কা থাকত। প্রচলিত ধারণা অনুযায়ী, এই সমস্যা কমাতেই অক্ষরগুলির অবস্থান পরিবর্তন করে QWERTY লে-আউট তৈরি করা হয়েছিল।
তবে QWERTY তৈরির পিছনে এটিই একমাত্র কারণ ছিল কি না, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।
কিছু গবেষকের মতে, QWERTY কীবোর্ডের নকশায় টেলিগ্রাফ অপারেটরদের প্রয়োজনও প্রভাব ফেলেছিল। সেই সময় মর্স কোডে পাওয়া বার্তা দ্রুত লিখিত শব্দে রূপান্তর করতে হত। গবেষকদের একাংশের ধারণা, বর্ণানুক্রমিক কীবোর্ডের পরিবর্তে কাজের সুবিধা অনুযায়ী অক্ষরের অবস্থান নির্ধারণে টেলিগ্রাফ অপারেটরদের অভিজ্ঞতা ভূমিকা রেখেছিল।
কম্পিউটারের ক্ষেত্রে টাইপরাইটারের মতো ধাতব টাইপবার আটকে যাওয়ার কোনও সমস্যা নেই। তা সত্ত্বেও কেন QWERTY লেআউট বদলানো হল না? এর অন্যতম কারণ অভ্যাস।
ততদিনে বিশ্বের বিপুল সংখ্যক মানুষ QWERTY কীবোর্ডে টাইপ করা শিখে গিয়েছিলেন। নতুন লেআউট চালু করলে তাঁদের ফের নতুন করে টাইপিং শিখতে হত। পাশাপাশি নির্মাতাদের কাছেও বহুল পরিচিত ব্যবস্থা বদলে ফেলা ব্যবসায়িকভাবে ঝুঁকিপূর্ণ ছিল।