Skincare Tips: বডি লোশন মুখে মাখা ভালো না খারাপ?

Body Lotion on Face: সময় বাঁচাতে গিয়ে অনেকেই হাতের কাছে থাকা বডি লোশন মুখে মেখে নেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শরীরের লোশন মুখের পাতলা ত্বকের জন্য একেবারেই উপযুক্ত নয়। এতে ব্রণ, র‍্যাশ ও অ্যালার্জির ঝুঁকি বাড়ে। জেনে নিন মুখের ত্বকের ধরন অনুযায়ী কেমন ক্রিম বাছবেন।

Skincare Tips: বডি লোশন মুখে মাখা ভালো না খারাপ?
কী কী করবেন?Image Credit source: Magnific

Nov 26, 2026 | 11:26 AM

স্নান সেরে তাড়াহুড়োয় হাতের কাছে যা পেলেন, সেটাই মুখে মেখে নিলেন? হাতে-পায়ে মাখার বডি লোশন (Body Lotion) দিয়েই সেরে ফেলছেন মুখের কাজ? সময় বাঁচাতে গিয়ে নিজের অজান্তেই মুখের বারোটা বাজাচ্ছেন না তো?

শীত হোক বা গরম, ত্বক নরম রাখতে ময়েশ্চারাইজার জরুরি। কিন্তু শরীর আর মুখের চামড়া এক নয়। আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞরা বলছেন, মুখের ত্বকে সাধারণ বডি লোশন মাখলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়।

কেন মুখে মাখবেন না বডি লোশন?

আমাদের হাত-পায়ের চামড়ার চেয়ে মুখের ত্বক অনেক পাতলা। বিশেষ করে চোখ, নাক ও ঠোঁটের চারপাশ খুব নরম হয়। বডি লোশনের কড়া উপাদান এখানে জ্বালাপোড়া তৈরি করে।

এছাড়া বডি লোশনে তেল বা মাখনের মতো ভারী উপাদান থাকে। মুখে মাখলে এগুলো লোমকূপের মুখ বন্ধ করে দেয়। ফলে ব্রণ, ব্ল্যাকহেডস বা ছোট ছোট দানা বেরোয়। মুখ অতিরিক্ত তেলতেলে ও চিটচিটে হয়ে যায়।

শরীরের লোশনে প্রচুর সুগন্ধি থাকে। হাতে-পায়ে সমস্যা না হলেও মুখে মাখলে লালচে ভাব, চুলকানি বা অ্যালার্জি হতে পারে। আবার খসখসে ত্বকের জন্য বডি লোশনে ইউরিয়া বা ল্যাকটিক অ্যাসিডের মতো উপাদান মেশানো হয়। মুখের নরম ত্বকে এগুলো লাগলে র‍্যাশ বেরোনোর ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাদের একজিমা বা ত্বকের পুরনো সমস্যা রয়েছে, তাদের বিপদ আরও বেশি।

তাহলে মুখে কী মাখবেন?

মুখের ক্রিম শুধু ত্বক ভেজা রাখে না, ব্রণ আটকায় এবং ত্বককে সুরক্ষা দেয়। তাই নিজের ত্বকের ধরন বুঝে ক্রিম বাছুন।

তৈলাক্ত ত্বক: তেলমুক্ত এবং হালকা ক্রিম বেছে নিন, যা লোমকূপ বন্ধ করে না।

শুষ্ক ত্বক: গ্লিসারিন, সিরামাইড বা হায়ালুরোনিক অ্যাসিড আছে এমন ক্রিম মাখুন।

সংবেদনশীল ত্বক: কোনও সুগন্ধি নেই এমন সাধারণ ক্রিম ব্যবহার করুন।

মিশ্র ত্বক: মুখের যে অংশটুকু শুষ্ক, শুধু সেখানেই ক্রিম লাগান।

পাশাপাশি দিনের বেলায় বাইরে বেরোলে অবশ্যই অন্তত ৩০ এসপিএফ (SPF) যুক্ত সানস্ক্রিন মাখতে ভুলবেন না।

বডি লোশন কি কখনও মুখে মাখা যাবে না?

সব ক্ষেত্রে বিষয়টি এমন নয়। কিছু লোশনের গায়ে লেখা থাকে যে সেগুলো মুখ ও শরীর, দুই জায়গাতেই মাখা যায়। ত্বকের সঙ্গে মানিয়ে গেলে সেগুলো মাখতে পারেন। তবে কোনও কিছু মাখার পর মুখ চুলকালে বা জ্বালা করলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করুন। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আসল কথা হল, দামি প্রসাধনীর চেয়ে নিজের ত্বক বুঝে সঠিক জিনিস বাছাটাই বুদ্ধিমানের কাজ।

Loading...
Unable to load recommendations.
Follow Us