
প্রোটিন মানেই কি রোজকার সেই একঘেয়ে চিকেন, মাছ, ডিম বা ডাল? সম্প্রতি 'টেস্টঅ্যাটলাস'-এর একটি রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে! শুনলে অবাক হবেন, আমাদের অতি পরিচিত একটি বিশেষ চিজে লুকিয়ে আছে এই সব কটি খাবারের চেয়েও অনেক বেশি প্রোটিন। Picture Courtesy: AI tool
প্রোটিনের এই পাওয়ারহাউস চিজটির নাম হল 'পারমেসান চিজ'। মূলত গরুর দুধ দিয়ে তৈরি এই চিজ বেশ শক্ত এবং পুরনো হয়। একটু নোনতা স্বাদের এই চিজ খেতেও কিন্তু দারুণ! স্যালাড বা পাস্তার স্বাদ বাড়াতে উপর থেকে একটু গ্রেট করে ছড়িয়ে দিলেই কেল্লাফতে। Picture Courtesy: AI tool
বাড়িতে পারমেসান চিজ বানাবেন কীভাবে? আসল পারমেসান তৈরি করা বেশ সময়সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। গরুর দুধে নির্দিষ্ট কালচার ও রেনেট (rennet) মিশিয়ে প্রথমে জমানো হয়। এরপর জল ঝরিয়ে, ছাঁচে ফেলে নুন-জলে বা ব্রাইনে ডুবিয়ে রাখা হয়। সবশেষে নির্দিষ্ট তাপমাত্রায় অন্তত ১২ থেকে ৩৬ মাস পর্যন্ত একে 'এজড' (aged) বা পুরোনো করা হয়, তবেই আসে সেই আসল স্বাদ ও টেক্সচার! 'টেস্টঅ্যাটলাস'-এর দেওয়া তথ্য বলছে, প্রতি ১০০ গ্রাম পারমেসান চিজে প্রায় ৩৬ গ্রাম প্রোটিন থাকে! Picture Courtesy: AI tool
যাঁদের প্রোটিন ছাড়া দিন চলে না, তাঁদের প্রধান ভরসা চিকেন ব্রেস্ট। তবে জানলে চমকে যাবেন, ১০০ গ্রাম চিকেন ব্রেস্টে পারমেসান চিজের চেয়ে ৪ গ্রাম কম প্রোটিন থাকে! ঠিকমতো তেল ছাড়া রান্না করলে ১০০ গ্রাম চিকেন ব্রেস্ট থেকে প্রায় ৩২ গ্রাম প্রোটিন পাওয়া সম্ভব। Picture Courtesy: AI tool
মাছপ্রেমীদের জন্য ব্লুফিন টুনা হতে পারে প্রোটিনের একটি দারুণ স্বাস্থ্যকর বিকল্প। রান্না করা ১০০ গ্রাম ব্লুফিন টুনায় প্রায় ৩০ গ্রাম প্রোটিন মজুত থাকে, যা শরীরের জন্য ভীষণ উপকারী। গ্রিল করা মাছ হোক বা স্যালাড, গোটা বিশ্বেই এই টুনা বেশ জনপ্রিয়। Picture Courtesy: AI tool
নিরামিষ খাবারে প্রোটিন খুঁজছেন? কাঠবাদাম আর টোফু হতে পারে আপনার সেরা বন্ধু। ১০০ গ্রাম কাঁচা কাঠবাদামে থাকে ২১ গ্রাম প্রোটিন, যদিও এর ক্যালোরি অন্যান্য খাবারের চেয়ে কিছুটা বেশি। অন্যদিকে, সয়াবিন থেকে তৈরি ১০০ গ্রাম প্লেইন ফার্ম টোফু শরীরকে দেয় প্রায় ১৭ গ্রাম প্রোটিন। Picture Courtesy: AI tool
সকালের জলখাবারে একটা সেদ্ধ ডিম থাকা মানেই শরীর পেয়ে যায় পর্যাপ্ত পুষ্টি। ১০০ গ্রাম সেদ্ধ ডিম থেকে মেলে প্রায় ১৩ গ্রাম প্রোটিন। আর ভারতীয়দের রোজকার পাত পেড়ে খাওয়া ১০০ গ্রাম রান্না করা ডাল থেকে পাওয়া যায় প্রায় ৯ গ্রাম প্রোটিন। Picture Courtesy: AI tool
তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই পরিসংখ্যান তৈরি হয়েছে ১০০ গ্রাম ওজনের নিরিখে, যা সাধারণ পরিবেশনের চেয়ে বেশ কিছুটা বেশি। পারমেসান চিজে প্রোটিন বেশি ঠিকই, তবে এতে ফ্যাট ও সোডিয়ামের মাত্রাও কিন্তু অন্যান্য খাবারের চেয়ে অনেকটাই বেশি। তাই স্বাস্থ্যকর জীবনের জন্য ডায়েটে এই চিজ রাখার সময় পরিমাণের দিকে কড়া নজর রাখাটা বাধ্যতামূলক। Picture Courtesy: AI tool