
ভোট বড় বালাই। প্রচারে অভিনবত্ব আনতে প্রার্থীরা কী কী করছেন না? বাড়ি বাড়ি গিয়ে রান্না করছেন, মাছ হাতে প্রচার করছেন। কেউ রুটি বেলছেন, কাউকে আবার দাড়ি কামাতে দেখা গিয়েছে। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ।

বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন স্বরাজ ঘোষ। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোটভিক্ষা করেন। তারপর বিভিন্ন মন্দির ও দোকানে গিয়েও জনসংযোগ করেন।

জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দেন। এছাড়া প্রচারের ফাঁকেই আরও বেশ কয়েকটি মন্দিরে পুজো দিতে দেখা যায় স্বরাজ ঘোষকে।

মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রচারের মাঝেই হঠাৎ একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী। সেখানে কিছুক্ষণ সকলর সঙ্গে কথা বলেন। তারপর মিষ্টি বানানোর কাজেও হাত লাগান।

দোকানে তখন গরম তেলে জিলিপি ভাজা হচ্ছিল। তা দেখে নিজেই জিলিপি ভাজতে বসে পড়েন প্রার্থী।

জিলিপির দোকান থেকে আরও একটা মিষ্টির দোকানে যান। সেখানে রসোগোল্লা তৈরির কাজেও হাত লাগান। তাঁকে মিষ্টির গোল্লা পাকাতে দেখা যায়।

স্বরাজ ঘোষ বলেন, "ঘোষদের ছেলে, ছানার উপর দখল আছে। দুধ কাটিয়ে কীভাবে ছানা তৈরি করতে হয় সেটা আমার জানা আছে। গরম রসগোল্লা খেতে ভালো লাগে। সপ্তগ্রামের মানুষকে ৪ তারিখ ভোটের রেজাল্টের পর রসগোল্লা খাওয়াব।"

তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "বিরোধীরা যাঁরা আমাদের প্রচারে হুমকি দিচ্ছে, ফ্লেক্স ছিড়ে দিচ্ছে তাদেরও রসগোল্লা খাওয়াব। আমরা ভয় খেয়ে রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। সপ্তগ্রামের মানুষ জেনে গিয়েছে এবার এই কেন্দ্রে পদ্ম ফুটবে।"