
উৎসবের রেশ এখনও কাটেনি। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর বাজলেও, উৎসবপ্রিয় বাঙালির মন খারাপ করে বসে থাকার ফুরসত কোথায়! উমা কৈলাসে ফিরতেই শুরু হয়ে গিয়েছে শ্যামা মায়ের আগমনের দিন গোনা। বাতাসে হালকা হিমেল পরশ, আর প্যান্ডেলের বাঁশ খুলতে না খুলতেই পাড়ায় পাড়ায় ফের নতুন মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো মিটতেই গোটা দেশজুড়ে এখন আলোর উৎসবের জোরকদমে প্রস্তুতি। একদিকে চলছে দীপাবলির জন্য ঘরদোর পরিষ্কার করার ব্যস্ততা, অন্যদিকে বাজারগুলোতে আবার শুরু হয়েছে শেষ মুহূর্তের কেনাকাটির ভিড়। ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা, টানা কয়েক দিনের এই আনন্দ উৎসবে মেতে উঠতে সকলেই একেবারে প্রস্তুত।
টানা পাঁচ দিনের এই উৎসব ঘিরে উন্মাদনা কিছু কম থাকে না। তবে ২০২৬ সালে ঠিক কবে পড়েছে কালীপুজো, দীপাবলি বা ধনতেরাস? উৎসবের আনন্দে মেতে ওঠার আগে, এক নজরে দেখে নিন এই বছরের সম্পূর্ণ নির্ঘণ্ট।
ধনতেরাস: কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস বা ধন ত্রয়োদশী পালিত হয়। পঞ্জিকা মতে, এই বছর ৬ নভেম্বর, শুক্রবার (২০ কার্তিক) ধনতেরাস। সোনা, রুপোর গয়না থেকে শুরু করে নতুন বাসনপত্র কেনার জন্য বিশেষ শুভ সময় থাকছে বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। অনেকেরই বিশ্বাস, এই বিশেষ দিনে কেনাকাটা করলে সংসারে সারা বছর সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
ভূত চতুর্দশী: ধনতেরাসের ঠিক পরের দিন, অর্থাৎ ৭ নভেম্বর শনিবার (২১ কার্তিক) ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালিত হবে। প্রথা মেনে এদিন দুপুরে বাঙালির পাতে ১৪ শাক খাওয়ার নিয়ম রয়েছে। পাশাপাশি, সন্ধে নামলেই অন্ধকার দূর করে পূর্বপুরুষদের উদ্দেশে ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি প্রতিটি ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে পালিত হয়।
কালীপুজো ও দীপাবলি: আলোর উৎসবের মূল আকর্ষণ হল দীপাবলি ও কালীপুজো। ৮ নভেম্বর, রবিবার (২২ কার্তিক) দেশজুড়ে দীপাবলি পালিত হবে। এদিন সকাল ১১টা ২৭ মিনিটে কার্তিক অমাবস্যা তিথি পড়ছে। কালীপুজোর মূল শুভ সময় বা নিশীথ প্রহর হল রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। অমাবস্যার অন্ধকার দূর করে এদিন গোটা দেশ আলোর রোশনাইতে সেজে ওঠে। বাঙালির ঘরে ঘরে যেমন পূজিতা হন দেবী শ্যামা, তেমনই দেশের অন্যান্য প্রান্তে এই বিশেষ দিনটিতে লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হয়। আবার বহু বাঙালি পরিবারেও এদিন দীপান্বিতা লক্ষ্মীপুজো করার রেওয়াজ রয়েছে।
অন্নকূট ও ভাইফোঁটা: আগামী ১০ নভেম্বর অন্নকূট উৎসবের পাশাপাশি ভাইদের দীর্ঘায়ু কামনায় পালিত হবে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া।