
দাম্পত্য বা প্রেমের সম্পর্ক ঠিক যেন আবহাওয়া দফতরের পূর্বাভাসের মতো।কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও ঝকঝকে রোদ— বিশেষ করে বাঙালির দোরগোড়ায় যখন কড়া নাড়ছে নতুন বছর, তখন মনের মানুষের সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন থাকবে, তা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। এপ্রিল মাস অর্থাৎ বছরের শুরুটা কারোর জন্য নিয়ে আসছে রোম্যান্সের বসন্ত, আবার কারোর জন্য সম্পর্কের আকাশে জমতে পারে কালো মেঘ।
জ্যোতিষশাস্ত্রের গণনার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, এই মাসে মেষ থেকে ধনু— প্রতিটি রাশিরই প্রেমের ভাগ্য একেবারে ভিন্ন সুরে বাঁধা। দেখে নেওয়া যাক এই এপ্রিলে আপনার ভাগ্যে কী রয়েছে।
এপ্রিল মাসে প্রেমের ময়দানে ছক্কা হাঁকাতে পারেন মিথুন এবং ধনু রাশির জাতক-জাতিকারা। মিথুন রাশির ওপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকায় জীবনসঙ্গীর সঙ্গে তাঁদের বোঝাপড়া ভালো হবে। কোনও বড় সমস্যা তো আসবেই না, বরং পুরনো কোনও মান-অভিমান থাকলে তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা। অন্যদিকে, ধনু রাশির ক্ষেত্রেও বৃহস্পতি তুঙ্গে থাকায় প্রেমের সম্পর্কে আসবে নতুন জোয়ার। সঙ্গীর সঙ্গে সময় কাটানো হবে অনেক বেশি আনন্দময়।
বিস্ময়করভাবে সিংহ রাশির ক্ষেত্রে রাহু এবং মঙ্গলের প্রভাব থাকলেও, বৃহস্পতির শুভ দৃষ্টি তাঁদের দাম্পত্য কলহ থেকে রক্ষা করবে। মাসের শুরুতে সামান্য টানাপড়েন থাকলেও মোটের ওপর মাসটি তাঁদের জন্য বেশ সুখদায়ক হতে চলেছে।
কারা সতর্ক থাকবেন?
প্রেমের পথে কিছুটা চড়াই-উতরাইয়ের সাক্ষী হতে পারে কন্যা এবং বৃষ রাশি। শনি ও রবির অশুভ অবস্থানের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যে চিড় ধরার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের ক্ষেত্রেও খুব একটা শুভ ফল মিলবে না। ঠিক একই অবস্থা বৃষ রাশির ক্ষেত্রেও। গ্রহের প্রতিকূল অবস্থানের ফলে এরা পূর্ণ দাম্পত্যসুখ থেকে বঞ্চিত হতে পারেন।
কী কী সতর্কতা মেনে চলবেন?
তুলা রাশির জন্য এপ্রিলের প্রথমার্ধ বেশ ভালো কাটলেও, দ্বিতীয়ার্ধে কিন্তু বিপত্তি ঘটতে পারে। রাগের মাথায় এমন কিছু বলবেন না যাতে সম্পর্ক আলগা হয়ে যায়। রাগ নিয়ন্ত্রণে রাখাই হবে এই মাসের মূল মন্ত্র। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও মাসের শুরুতে কিছুটা ঝামেলা থাকলেও ১৯শে এপ্রিলের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে।
মনে রাখবেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান যাই হোক না কেন, বিশ্বাস এবং ধৈর্যই হল যেকোনও মজবুত সম্পর্কের চাবিকাঠি। তাই নতুন বছরে ঝগড়াঝাঁটি এড়িয়ে একে অপরকে বোঝার চেষ্টা করলে অনেক গ্রহদোষই কাটিয়ে ওঠা সম্ভব।