
সিলেট: বয়স মাত্র ২৫, সবে খেলছেন ৩ নম্বর টেস্ট। এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়ে দিলেন বাংলাদেশের তৌহিদ হৃদয়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ৩৫৬ রানের জবাবে ৩৮৬ রানে অল আউট হয় টাইগার্সরা। এর মধ্যে তৌহিদের একার ব্যাট থেকে আসে ২৪২ রান, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। তাঁর আগে ২০১৮ সালে মিরপুরে ২১৯ রান করেছিলেন মুশফিকুর রহিম। তাঁর রেকর্ড ভেঙে দিলেন এই ২৫ বছর বয়সী ব্যাটার।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৩ রান আসে আমির জাঙ্গুর ব্যাট থেকে। ৬১ রান করেন কেভিন উইকহ্যাম। ৫১ রান আসে জাস্টিন গ্রিভসের তরফ থেকেও। শেষ অবধি ৩৫৬ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৯০ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। জবাবে ব্যাট করতে নেমে একসময় বাংলাদেশের স্কোর হয়ে গিয়েছিল ১২৪/৪। সেখান থেকেই দলকে টেনে তোলেন তৌহিদ। প্রায় একা লড়তে থাকেন তিনি। এর মধ্যেই বাংলাদেশের স্কোর একসময় ছিল ১৮৪/৭। তারপরই তৌহিদের ব্যাটে জবাব দেওয়া শুরু বাংলাদেশের। চোটের জন্য বাইরে ছিলেন সাদমান ইসলাম, ফলে মাত্র ২ জন ব্যাটারকে সঙ্গে নিয়ে একা লড়লেন তৌহিদ।
শেষ পর্যায়ের দুই ব্যাটারকে নিয়ে যে অসম লড়াই লড়লেন তৌহিদ, তাতে তাঁকে ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ের সঙ্গে তুলনা করলে খুব একটা অসুবিধে হবে কি? এই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন এই ব্যাটার।
১- বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন টেস্টে সর্বোচ্চ স্কোর তাঁর। তৌহিদের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৮ সালে করা মুশফিকুর রহিমের ২১৯ রানই কোনও বাংলাদেশি ব্যাটারের করা টেস্টে সর্বোচ্চ স্কোর ছিল।
২- আজকের এই ইনিংসে ১১টি ছক্কা মেরেছেন তৌহিদ। এই ১১টি ছক্কা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর আগে ৬ জন টেস্টে এক ইনিংসে ১১টি ছয় মেরেছেন। তবে টেস্টার ইতিহাসে সর্বাধিক ১২টি ছয় মেরেছেন যশস্বী জয়সোয়াল ও ওয়াসিম আক্রম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এর আগে সবথেকে বেশি ৭টি ছয় মেরেছিলেন তামিম ইকবাল।
৩- প্রথম বাংলাদেশী হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডবল সেঞ্চুরিতে পরিণত করেছেন তৌহিদ।
(বিস্তারিত আসছে…)