
কলকাতা: রঞ্জিতে এর আগে ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই জিতেছিল বাংলা। ফলে চতুর্থ ম্যাচেও লক্ষ্মীর ছেলেদের নিয়ে আশাবাদী হয়েছিলেন সমর্থকরা। কিন্তু দিল্লি, কেরালা ও সার্ভিসেসকে হারালেও মহারাষ্ট্রের কাছে হেরে গেল বাংলা। পৃথ্বী শ এর দুরন্ত হাফ সেঞ্চুরির বদান্যতায় ম্যাচ জিতল মহারাষ্ট্র। এর ফলে গ্ৰুপের শীর্ষেও মহারাষ্ট্রই।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৩ রান করেছিল বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ২১৮ রান করেছিল মহারাষ্ট্র। বাংলার হয়ে ৪ উইকেট পেয়েছিলেন মহম্মদ শামি। শাহবাজ আহমেদ পেয়েছেন ৩ উইকেট। ৭৫ রানের লিড ছিল মহারাষ্ট্রের কাছে। দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান করে বাংলা। অভিষেক পোড়েল করেন ৬৫ রান। সুমন্ত গুপ্ত করেন ৫৯ রান। প্রদীপ দাদে পান ৪ উইকেট। জয়ের জন্য মহারাষ্ট্রের লক্ষ্য ছিল ১১২ রান।
১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুন ফর্মে ছিল মহারাষ্ট্র। ৫০ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন পৃথ্বী। অনেকদিন পর ফর্মে ফিরলেন তিনি। ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ৬৮ বল খেলে ৬১ রান করলেন সচিন ধাস। ১৯.৪ ওভারেই ১১২ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র।
রঞ্জি ট্রফিতে প্রথম ৩ ম্যাচে দারুন ফর্ম ছিল বাংলার। টানা ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে দিল্লি, সার্ভিসেস ও কেরলকে হারিয়েছিল লক্ষ্মীর ছেলেরা। কিন্তু এবার ঘরের মাঠে মহারাষ্ট্রের বিরুদ্ধে হেরে গেলেন অভিষেকরা। এর ফলে ৪ ম্যাচে মহারাষ্ট্রের মোট পয়েন্ট ১৯। বাংলার পয়েন্ট ৪ ম্যাচে ১৮। এখন দুই নম্বরে রইল বাংলা।