Indian Cricket: ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, কড়া নির্দেশিকা বোর্ডের

Shreyas Iyer-Ishan Kishan: ঈশান কিষাণ এবং শ্রেয়সের ঘটনায় নড়েচড়ে বসেছিল বোর্ড। ঈশান ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন, এমনটাই প্রত্যাশা ছিল। তাঁর অবশ্য খোঁজ মেলেনি দীর্ঘ সময়। তাঁকে কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার বলেছিলেন, জাতীয় দলের দরজা খোলা, তবে ঘরোয়া ক্রিকেট খেলে ফিরতে হবে। বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফিতে খেলতে। একটা ম্যাচেও খেলেননি ঈশান। আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টিতে খেলেছেন ঈশান। অথচ রঞ্জিতে এক ম্যাচেও পাওয়া যায়নি।

Indian Cricket: ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, কড়া নির্দেশিকা বোর্ডের
Image Credit source: PTI, FILE

Feb 28, 2024 | 8:23 PM

বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জায়গা হয়নি দুই অবাধ্য ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারের। ভবিষ্যতেও যে এই বিষয়ে জিরো টলারেন্সের পথেই বোর্ড, পরিষ্কার করে দিল চুক্তির মেইলে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ঈশানকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎই স্কোয়াড থেকে নাম তুলে নেন ঈশান কিষাণ। মানসিক অবসাদ কারণ দেখিয়েছিলেন। সেই অবসাদ যে ‘অন্তহীন’ হবে, তার আভাস ছিল না। এরপর থেকেই বিতর্কের কেন্দ্রে। সঙ্গে যোগ হয় শ্রেয়স আইয়ারের নামও। বোর্ডের চুক্তির মেইলে যা বলা হয়েছে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঈশান কিষাণ এবং শ্রেয়সের ঘটনায় নড়েচড়ে বসেছিল বোর্ড। ঈশান ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন, এমনটাই প্রত্যাশা ছিল। তাঁর অবশ্য খোঁজ মেলেনি দীর্ঘ সময়। তাঁকে কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার বলেছিলেন, জাতীয় দলের দরজা খোলা, তবে ঘরোয়া ক্রিকেট খেলে ফিরতে হবে। বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফিতে খেলতে। একটা ম্যাচেও খেলেননি ঈশান। আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন। গত কালই ডিওয়াই পাটিল টি-টোয়েন্টিতে খেলেছেন ঈশান। অথচ রঞ্জিতে এক ম্যাচেও পাওয়া যায়নি।

শ্রেয়স আইয়ার চোটের কারণে ইংল্যান্ড সিরিজের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন। দ্রুত সুস্থ হয়ে উঠলেও রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলেননি। বরং রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচকদের বলেছিলেন, তাঁর চোট রয়েছে, সুতরাং তাঁকে যেন না রাখা হয়। অথচ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে মুম্বই নির্বাচকদের মেইল করে জানিয়ে দেওয়া হয়, শ্রেয়স ম্যাচ ফিট। মিথ্যে বলেই যে রঞ্জিতে খেলা এড়িয়েছিলেন পরিষ্কার হয়ে যায়। বোর্ডের ধমকে অবশেষে রঞ্জি সেমিফাইনালে ফিরছেন শ্রেয়স। বোর্ডের চুক্তির মেইলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই দু-জনের নাম বিবেচনা করা হয়নি। বার্তাটা পরিষ্কার, শৃঙ্খলাভঙ্গের কারণেই এমন সিদ্ধান্ত।

শ্রেয়স-ঈশানের মাধ্যমে অন্য়ান্য ক্রিকেটারদের যে পরোক্ষ বার্তা দেওয়া হয়েছে তা নয়। পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে। বোর্ড বলেছে, চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যদি জাতীয় দলে খেলায় না থাকেন এবং তিনি ফিট থাকলে, অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। নতুন প্রজন্মের মধ্যেও যাতে লাল-বলের ক্রিকেট নিয়ে অনীহা না জন্মায়, এ বার নির্দেশিকা দিয়ে জানাতে হল। পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছে।

এ বারের চুক্তিতে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা। একটি ফরম্যাটেই খেলছিলেন তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর টেস্ট টিম থেকে বাদ পড়েছিলেন। চেতেশ্বর পূজারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও দেওয়াল লিখন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। আর রাহানে ঘরোয়া ক্রিকেটেও ফর্মে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি না থাকা সত্ত্বেও পূজারা কিংবা রাহানেকে নেওয়া হয়নি। তখন থেকেই ইঙ্গিত ছিল, তাঁরা আর বোর্ডের ভাবনায় নেই। সামনের দিকে এগনোই লক্ষ্য। বোর্ডের চুক্তিতে না থাকা যেন তাতে সিলমোহর পড়ল।

Follow Us