
Image Credit source: Getty Images
কলকাতা : আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম পর্যায়ে মাত্র ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রত্যেক দল ৪টি করে ম্যাচ পেতে চলেছে। এরপরই প্রত্যেকটি দলের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করল বোর্ড। পিচ থেকে শুরু করে অনুশীলনের সময় – সব নিয়েই আলোচনা করা হয়েছে এই নির্দেশিকায়।
- অনুশীলন চলাকালীন কোনও দল বিপক্ষের নেটে প্র্যাকটিস করতে পারবে না। প্রতি দলের জন্য আলাদা নেটের ব্যবস্থা করা হবে। যদি এক দল আগে নেট প্র্যাকটিস শেষ করে, তবুও উইকেট ব্যবহার করা যাবে না। থ্রো ডাউন চলকালীন ও এক দল অন্য দলের নেট ব্যবহার করতে পারবে না। বলা হয়েছে নির্দেশিকায়।
- ম্যাচের পিচ নিয়েও কড়া নিয়ম করেছে বিসিসিআই। বলা হয়েছে, যে পিচে ম্যাচ হবে, সেই পিচে অনুশীলন করা যাবে না। ম্যাচের ৪ দিন আগে থেকেই অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে না মূল ম্যাচের পিচ। এর ফলে পিচ ভাল থাকবে, মনে করছে বোর্ড।
- প্রয়োজনে বিকল্প মাঠের ব্যবস্থা করতে হবে ক্লাবগুলিকে। এই মাঠে শুধু অনুশীলনই হবে। এর জন্য ক্লাবগুলিকে কোনও টাকা দিতে হবে না।
- ম্যাচের আগের দিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইলে দুই দল একই সময় অনুশীলন করতে পারে। এর জন্য বোর্ডের অনুমতি লাগবে।
- একই সময় অনুশীলনে হস্তক্ষেপ করবে বিসিসিআই। প্রতি দলকেই ২ ঘন্টা করে দেওয়া হবে। একটি দল অনুশীলন করবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা। অন্য় দল, রাত ৮টা থেকে রাত ১০টা।
- যে স্টেডিয়ামগুলিতে আইপিএল হবে, তার মূল ম্যাচের পিচ ১৬ মার্চ থেকে ব্যবহার করা যাবে না। এর ফলে প্রতিযোগিতার স্বচ্ছতা বজায় থাকবে। প্রতিযোগিতার সময় নিরপেক্ষ পিচ রাখা নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই l
- টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দল সর্বোচ্চ ২টি করে প্র্যাকটিস ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচ ফ্লাডলাইটের তলায় হবে।
- প্রতিযোগিতা চলাকালীন হোম দলকেই ক্যাটারিং সার্ভিস, মেডিক্যাল, সিকিউরিটি নিয়ে যাবতীয় আয়োজন করতে হবে। অ্য়াওয়ে দলকে শুধু নিজের পানীয় আনতে হবে, মত বোর্ডের।
মোট দুইভাগে ভাগ করা হয়েছে প্রতিযোগিতাকে। ২৮ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম সংস্করণ। সূচি প্রকাশ করা হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু – এই তিন রাজ্যের ভোট রয়েছে আগামী মাসে। সেই ভোটের নির্ঘন্ট প্রকাশের পর আবার বাকি সূচি প্রকাশ হবে। সূচি অনুযায়ী, ২৮ মার্চ মাঠে নামবে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। সেই ম্যাচ দিয়েই শুরু এই আইপিএল। গতবছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায় নিয়মমাফিক তারাই প্রথম ম্যাচে খেলতে নামবে। তবে তার আগে নির্দেশিকা দেখে মনে হয়, আইপিএল নিয়ে যথেষ্ট সিরিয়াস রয়েছে বোর্ড।