KKR : নাইট শিবিরে কবে যোগ দেবেন শ্রীলঙ্কান পেসার? ১৮ কোটির পাথিরানাকে নিয়ে চরম অনিশ্চয়তা!

IPL 2026 : শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছে, আইপিএলে যোগ দিতে গেলে ফিটনেস টেস্ট দিয়ে পাশ করতে হবে। না হলে তাঁকে এনওসি দেবে না বোর্ড। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন পাথিরানা।

KKR : নাইট শিবিরে কবে যোগ দেবেন শ্রীলঙ্কান পেসার? ১৮ কোটির পাথিরানাকে নিয়ে চরম অনিশ্চয়তা!
১৮ কোটির পাথিরানাকে নিয়ে চরম অনিশ্চয়তা!Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 07, 2026 | 4:15 PM

কলকাতা : গতকালই ছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ। বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছে কেকেআর। এরফলে ৩ ম্যাচ পরে অবশেষে খাতা খুলেছে তাদের। উল্টোদিকে, ১ পয়েন্ট পেয়ে মোট ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পাঞ্জাব।কিন্তু এর মধ্যেই চিন্তা বাড়ল নাইটদের। একেই বোলিং বিভাগ নিয়ে চিন্তা অব্যাহত, তার মধ্যেই এল শ্রীলঙ্কান পেসার মাহিশা পাথিরানাকে নিয়ে বড় আপডেট। ১৮কোটির পেসার কবে শিবিরে যোগ দেবেন, এটাই এখন বড় প্রশ্ন কেকেআর শিবিরে।

বিশ্বকাপ চলার সময় চোট পান এই শ্রীলঙ্কান পেসার। আইপিএলেও তিনি খেলতে পারবেন কিনা, জানা নেই সমর্থকদের। নিলামে তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সংবাদমাধ্যম জানিয়েছে, পাথিরানা সহ মোট ১৫ জনকে এখনও এনওসি (No Objection Certificate) দেয়নি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। পাথিরানা ছাড়াও সেই তালিকায় রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান তুশারা-র নাম। তাঁরাও ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি। এই বাধ্যতামূলক পরীক্ষায় পাশ না করার জন্যই সম্ভবত তাঁদের এনওসি দেয়নি শ্রীলঙ্কান বোর্ড।

আগে থেকেই চোট ছিল পাথিরানার। জানা গিয়েছিল, তিনি খুব সম্ভব ৩/৪ ম্যাচের মধ্যে যোগ দেবেন দলের সঙ্গে। কিন্তু এনওসি না পাওয়ার ফলে অনিশ্চিত তাঁর সেই সময়ের মধ্যে দলে যোগ দেওয়া। ইতিমধ্যেই একটি ফিটনেস টেস্ট ফেল করেছেন পাথিরানা। আবার আগামী সপ্তাহে রয়েছে পরের পরীক্ষা। সেই পরীক্ষা পাশ করলে খুব সম্ভবত এপ্রিলের শেষে নাইট শিবিরে দেখা যেতে পারে পাথিরানাকে।

শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছে, আইপিএলে যোগ দিতে গেলে ফিটনেস টেস্ট দিয়ে পাশ করতে হবে। না হলে তাঁকে এনওসি দেবে না বোর্ড। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুশীলণ শুরু করেছেন পাথিরানা। আগেই ঝামেলা চলছিল তুশারাকে নিয়ে। তিনি নিজেকে ফিট ঘোষণা করেছেন। কিন্তু বোর্ড তাঁকে আইপিএলে খেলতে দিতে চায় না – এই অভিযোগ তুলে বোর্ড কর্তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন নুয়ান। পাথিরানার ক্ষেত্রে সমস্যাটা কি? ইতিমধ্যেই এই আইপিএলে সবথেকে দুর্বল বোলিং কেকেআরের। চোটের জন্য নেই আকাশ দীপ, হর্ষিত রানা। এবার যদি পাথিরানা সম্পূর্ণ সিজনের জন্যেই বাইরে চলে যান, আরও চাপে পড়বে কেকেআর।

Follow Us