
কলকাতা : দুই দিন আগেই বিশ্বকাপ জিতেছে দল। কাপ পর্ব শেষে এবার নিজেদের ঘরে পৌঁছেছেন ক্রিকেটাররা। কেউ সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, কেউ বিয়ে করে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। তবে ভারতীয় দলের ‘ট্রফি সেলিব্রেশন’ নিয়ে আবার বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার প্রশ্ন তুললেন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার ও বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ।
নিজের এক্স হ্যান্ডলে কীর্তি লেখেন,”আমরা ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিলাম। আমাদের দলেও হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান খেলোয়াড় ছিল। আমরা ট্রফি নিয়ে দেশে ফিরেছিলাম। এখন কেন ট্রফি নিয়ে মন্দির যাওয়া হচ্ছে ? কেন গুরুদ্বার বা মসজিদ নিয়ে যাওয়া হচ্ছে না ? এই টিম ইন্ডিয়া তো সূর্যকুমার যাদব বা জয় শাহের পরিবার নয়। সিরাজ মসজিদে ট্রফি নিয়ে যাননি। সঞ্জু চার্চে ট্রফি নিয়ে যাননি। তাঁরাও তো দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ট্রফিটা দেশের ১৪০ কোটি মানুষের, কোনও একটি ধর্মের নয়।” কীর্তি আজাদের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর। তিনি বললেন, এই বিষয়ে মন্তব্য করে আজাদ নিজের দেশের ক্রিকেটারদের ছোট করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন,”ওঁর প্রশ্নের কোনও উত্তর দেওয়া অর্থহীন। বিশ্বকাপ জয় দেশবাসী ও ক্রিকেটারদের জন্য একটি বড় মুহূর্ত। আমি চাই না এই ১৫ জন ক্রিকেটারের কষ্টার্জিত ট্রফি নিয়ে কোনও মন্তব্য করে তাদের সাফল্যকে ছোট করা হোক। যে কোনও কারও মন্তব্যই গুরুত্ব দিয়ে বিচার করতে গেলে সেটা দলের পক্ষে ক্ষতিকর।”
সব কিছুতে রাজনীতি বা ধর্ম টানা উচিত নয়, এটাও স্পষ্ট করেছেন গম্ভীর। তাঁর কথায়,”দলের সবাই খুব চাপে ছিল। তার পরেও যদি তাদের এই সাফল্যকে নিয়ে প্রশ্ন তোলা হয়, তবে ক্রিকেটারদের ছোট করা হয়। অপমান করা হয়।” এর আগে কলকাতায় এসে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ও পরে কালীঘাট গিয়েছিলেন কোচ গম্ভীর ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ জয়ের পর আমেদাবাদে হনুমান মন্দিরে গিয়ে ট্রফি নিয়ে পুজো দিতে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার, কোচ গম্ভীর ও জয় শাহ। সেই পুজো দেওয়া নিয়েই এবার নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে।