
কলকাতা : আরও একবার টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ২০২২, ২০২৪ এর পর আবার সেমিফাইনালে মুখোমুখি এই দুই দল। আগামীকাল মুম্বইয়ে মুখোমুখি হবেন সূর্যকুমার ও হ্যারি ব্রুক। এর আগে দুই দলই একবার করে জিতেছে। ২০২২ সালে ইংল্যান্ড জেতার পর ২০২৪ সালে জিতেছিল ভারত। তৃতীয়বার সম্মুখসমরে নামার আগেই ভারতকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক ব্রুক।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেছেন,”আমরা ভারতের বিরুদ্ধে নামার জন্য তৈরী। সেমিফাইনালে আমরা ভারতকেই চাইছিলাম। দুই দলের উপরেই চাপ থাকবে। দারুন একটা ম্যাচ আশা করছি আমরা।” মুম্বইয়ে সমর্থন পাবার আশা করছেন না তিনি। তাঁর কথায়,”অবশ্যই ভারতের সমর্থন বেশি থাকবে। আমরা জানি, আমাদের সমর্থন একদমই থাকবে না। তার মধ্যেই আমরা নিজেদের ১০০% দেওয়ার জন্য তৈরী।”ওপেনার জস বাটলারকে নিয়েও কথা বলেছেন ব্রুক। গোটা বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ বাটলার। তাঁর অফ ফর্মেও বাটলারের উপরেই ভরসা রেখেছেন ব্রুক। তাঁর মতে,”বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত। ও ভাল ব্যাটার। আমরা জানি, ও ভারতের বিরুদ্ধে ভাল খেলবে।” এসবের মধ্যেই ২০২৩ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি উস্কে দিলেন স্যাম কারান। ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগের দিন অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন,”আমরা আগামীকাল আহমেদাবাদকে চুপ করিয়ে দেব।” পরের দিন সেটাই হয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। এই স্মৃতি উস্কে দিয়েই স্যাম বলেছেন,”আমরা যদি এই দর্শকদের চুপ করাতে পারি, তাহলে আমরা খুশি হব। ভারতের মাটিতে দর্শকদের চুপ করানোই প্রধান দায়িত্ব হবে আমাদের।”
২০২২ সালের শেষ চারে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। ২০২৪ এ ভারত আবার ৬৮ রানে হারায় ইংল্যান্ডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও দুই দল মুখোমুখি হয়েছে ৫ বার। আগামীকাল উল্টে ইংল্যান্ডকেই ‘সাইলেন্ট’ করতে চাইবেন সূর্যরা।