IPL 2026 : দলে নেই হর্ষিত, আইপিএলের আগে চিন্তা বাড়ল নাইটদের!

গতকালই নাইট দল ঘোষণা করেছে জিম্বাবোয়ের তারকা বোলার ব্লেসিং মুরাজাবানির দলে যোগ দেওয়ার খবর। ২০২৬ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে গতমাসেই যোগ দিয়েছিলেন ব্লেসিং। সেখান থেকে ম্যাচ না খেলেই নাইট দলে যোগ দিলেন তিনি। এরফলেই ক্ষুব্ধ পিসিবি কর্তারা।

IPL 2026 : দলে নেই হর্ষিত, আইপিএলের আগে চিন্তা বাড়ল নাইটদের!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 14, 2026 | 2:42 PM

কলকাতা : আইপিএলের আগে চিন্তা বাড়ল কেকেআর শিবিরে। প্রতিযোগিতা শুরু হতে আর একমাসও বাকি নেই। এরমধ্য়েই যেন কপালে চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের। আগেই প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাঁর বদলে দল গতকালই ঘোষণা করেছে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুরাজাবানির নাম। এরপর আবার নাইট শিবিরে দুঃস্বপ্নের ছায়া।

চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় থাকা হর্ষিত চূড়ান্ত ম্যাজিক না হলে আইপিএলে খেলতে পারবেন না। গত মাসে টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারেননি বিশ্বকাপেও। এবার কোপ আইপিএলেও। এরফলে কেকেআরের বোলিং বিভাগ অনেকটা শক্তি হারাল, মত ক্রিকেটমহলের। গত ৯ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল হর্ষিতের। এরপরেই ক্রিকেট থেকে দূরে তিনি। সংবাদমাধ্যমের দাবি, আইপিএলে খেলতে পারবেন না হর্ষিত। ২০২৪ সালের আইপিএলে দারুণ পারফরম্য়ান্স করেছিলেন তিনি। এরপরই কেরিয়ারে উন্নতি হয়েছে তাঁর। খেলে ফেলেছেন তিন ফর্ম্য়াটেই। ২০২৫ সালেও ৪ কোটি টাকায় তাঁকে দলে রেখেছিল কলকাতা। গত বছর ১৩ ম্য়াচে ১৫ উইকেট পেয়েছিলেন হর্ষিত রানা। হর্ষিত ছাড়াও নাইট স্কোয়াডে রয়েছেন বৈভব অরোরা, উমরান মালিক, আকাশ দীপ, কার্তিক ত্যাগী প্রমুখ। কিন্তু হর্ষিত না থাকায় একটু হলেও চাপে থাকবে নাইট ব্রিগেড।

গতকালই নাইট দল ঘোষণা করেছে জিম্বাবোয়ের তারকা বোলার ব্লেসিং মুরাজাবানির দলে যোগ দেওয়ার খবর। ২০২৬ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে গতমাসেই যোগ দিয়েছিলেন ব্লেসিং। সেখান থেকে ম্যাচ না খেলেই নাইট দলে যোগ দিলেন তিনি। এরফলেই ক্ষুব্ধ পিসিবি কর্তারা। ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল পিসিবির দল ইসলামাবাদ ইউনাইটেড। ম্যাচ না খেলায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন কর্তারা। হয়ত কয়েক বছরের জন্য পিসিবি থেকে ব্যান করা হতে পারে মুরাজাবানিকে। তবে হর্ষিতের দলে না থাকা নিঃসন্দেহে ব্যাকফুটে ঠেলে দিল কিং খানের দলকে।

Follow Us