
অ্যাডিলেড এবং ৩৬ রানে অলআউট। ভারতীয় ক্রিকেটে অস্বস্তির অধ্যায় হয়ে রয়েছে। গত বারের অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল অ্যাডিলেডেই। গোলাপি বলে দিন-রাতের টেস্ট দিয়ে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই অলআউট হয়েছিল ভারত। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট থেকে বিরাট কোহলিকে ছাড়াই দুরন্ত প্রত্যাবর্তন। সিরিজ যত এগিয়েছে, ভারতীয় শিবিরে চোট ধাক্কাও লেগেছে। কার্যত বি টিম নিয়ে শেষ অবধি সিরিজ জিতেছে ভারতই। কিন্তু অ্যাডিলেডের ক্ষত রয়েই গিয়েছে। সেই অস্বস্তি কি তাড়া করে বেড়াবে? ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী অবশ্য তা মনে করেন না।
রবি শাস্ত্রীর সময়েই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার সিরিজ জয়ের নজির গড়েছিল ভারত। ২০১৮ সালের পর ২০২০-তেও শাস্ত্রীর কোচিংয়ে সিরিজ জয়। এ বার গৌতম গম্ভীরের কাছে হ্যাটট্রিকের চ্যালেঞ্জ। সিরিজ শুরু হয়েছে পারথে। জিতে এগিয়ে রয়েছে ভারত। কিন্তু অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট নিয়ে একটু অস্বস্তি থাকছেই। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘আমার মনে হয় না গত বারের স্মৃতি তাড়া করবে। তবে মাথায় এটা নিশ্চয়ই থাকবে, কত দ্রুত কী হয়ে গিয়েছিল।’
আইসিসি রিভিউতে রবি শাস্ত্রী আরও বলেছেন, ‘একটা উপলব্ধি সকলেরই হয়েছে। টেস্ট ক্রিকেটে একটা সেশন খারাপ হলে ম্যাচের রংই পাল্টে যেতে পারে। এত দ্রুত সেটা হতে পারে, বোঝাই গিয়েছিল। তবে সেখান থেকে প্রত্যাবর্তনও একই ভাবে হয়েছিল। অতি দ্রুত। তবে ৩৬ রানে অলআউটের পর ড্রেসিংরুমে একটা কথা বলেছিলাম, আমার কেরিয়ারে এত এজ লাগা, বিট হওয়া দেখিনি। আমার মতে, সেটা ব্যাটারদের জন্য দুর্ভাগ্যের সেশন ছিল।’