আইপিএলের পরই ঠাসা সূচি, রো-কো ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা !

২০২৩ ওডিআই বিশ্বকাপে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। পরের বছরই হয়ত শেষবারের জন্য দেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।

আইপিএলের পরই ঠাসা সূচি, রো-কো ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা !
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 14, 2026 | 1:36 PM

কলকাতা : সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২৮ মার্চ শুরু হয়ে প্রায় আড়াই মাস ধরে চলবে আইপিএল। এরপরই ভারতের জন্য় রয়েছে ঠাসা সূচি। টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টিতে অংশ নিতে ব্য়স্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। সূচিতে প্রায় ১৭ ওডিআই ম্য়াচ থাকলেও সংখ্য়াটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারন, এই মুহূর্তে অনেক দেশ ভারতের কাছে ওয়ান ডে ম্যাচ খেলার আবেদন জানিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

প্রথমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার পর জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। অগস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। সেখানেই শ্রীলঙ্কা অনুরোধ করেছে টি-টোয়েন্টির বদলে যেন ৩টি ওডিআই ম্যাচ খেলে ভারত। এর ফলে সম্ভবত শেষবারের জন্য শ্রীলঙ্কার দর্শকরা বিরাট ও রোহিতকে দেখার সুযোগ পাবেন। এই সিরিজ থেকে প্রাপ্ত অর্থ শ্রীলঙ্কার ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দান করা হবে। ভারতের সূচির প্রথম ম্য়াচ জুন মাসে। দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এরপর ঝটিতি আয়ারল্যান্ড সফর করবে দল। তারপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে গিয়েই খেলতে পারে ভারত। এই বিষয়ে এখনও কোনও সিলমোহর দেয়নি ভারতীয় বোর্ড। মনে করা হচ্ছে, সব দেশই ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া শুরু করবে।

২০২৩ ওডিআই বিশ্বকাপে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। পরের বছরই হয়ত শেষবারের জন্য দেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। গত বছর টেস্ট ক্রিকেট থেকে কয়েকদিনের ব্যবধানে অবসর নিয়েছিলেন রো-কো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দুজনে অবসর ঘোষণা করেছিলেন কুড়ি ওভারের ফরম্যাট থেকেও। কোহলির মোট আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৮৫। জানা যাচ্ছে, সম্ভবত ২৩ থেকে ২৫টি ওডিআই ম্যাচ খেলতে পারে ভারতীয় দল। বিশ্বকাপ মিলিয়ে সংখ্যাটা হতে পারে ৩০। এর মধ্যে আদৌ বিরাট সচিনের ১০০ সেঞ্চুরির মাইলফলক ছুঁতে পারেন কিনা, দেখার অপেক্ষায় ক্রিকেটমহল।

Follow Us