
কলকাতা: গত ১০ মাসে দলের অনেক তরুণ ক্রিকেটার সুপারস্টার হয়ে উঠেছে… কথাগুলো বলার সময় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) মুখে ছিল গর্বের হাসি। যশস্বী জয়সওয়াল রাজস্থান টিমের সদস্য। এই তরুণ ক্রিকেটার ভারতীয় টিমে নিজের মজবুত জায়গা করে নিয়েছেন। কয়েকদিন আগে দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ধ্রুব জুরেলের অভিষেক হয়েছে। ফলে সব মিলিয়ে টিমের তরুণ ক্রিকেটারদের জন্য সঞ্জু যে গর্ববোধ করছেন, তা তাঁর কথাতেই বোঝা গেল। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতেছেন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
টস জিতে সঞ্জু স্যামসন বলেন, ‘নতুন কয়েন দেখলাম। তাই ফ্লিপ করার আগে কিছুক্ষণ সেটা এদিক ওদিক দেখে নিলাম প্রথমে। টস জিতে ব্যাটিং করব আমরা। ব্যাট করার মতো ভালো উইকেট মনে হচ্ছে। আমরা ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারতাম। জয়পুরে ফিরে দারুণ লাগছে। ড্রেসিংরুমেও ভালো পরিবেশ। অনেক তরুণ ক্রিকেটার গত ১০ মাসে সুপারস্টার হয়ে উঠেছে। যা ফ্র্যাঞ্চাইজির জন্যও বেশ ভালো।’
লোকেশ রাহুলও জানান, তিনি টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন। এরপর বলেন, ‘পিচ দেখে মনে হচ্ছে না খুব বদল হবে। তবে আমি ভুল প্রমাণিত হতেও পারি। টস তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’ ফিটনেস প্রসঙ্গে প্রশ্ন উঠতেই রাহুল বলেন, ‘সবকিছু পিছনে ফেলে মাঠে ফিরতে পেরে দারুণ লাগছে। গত কয়েক বছরে চোট মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। আর এভাবেই এগিয়ে যাচ্ছি আমি। যখনই সুযোগ পাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। আর সেটাই মনে হয় আমার বার বার ফিরে আসার প্রেরণা দেয়। ম্যাচটা উপভোগ করতে চাই।’
রাজস্থান রয়্যালসের একাদশ – যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপা), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট সাবস্টিটিউট প্লেয়ার – নান্দ্রে বার্গার, রোভম্যান পাওয়েল, তনুষ কোটিয়ান, শুভম দুবে ও কুলদীপ সেন।
লখনউ সুপার জায়ান্টসের একাদশ – লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কুইন্টন ডি’কক, দেবদত্ত পাড়িক্কাল, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, নবীন উল হক ও যশ ঠাকুর।
ইমপ্যাক্ট সাবস্টিটিউট প্লেয়ার – দীপক হুডা, মায়াঙ্ক যাদব, অমিত মিশ্র, প্রেরক মানকড় ও কৃষ্ণাপ্পা গৌতম।