
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ আজ পাড়ি দিচ্ছে নতুন ভেনুতে। মোহালির অদূরে মুল্লানপুরে তৈরি হয়েছে পঞ্জাব ক্রিকেট সংস্থার নতুন স্টেডিয়াম। সেই মাঠেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে পঞ্জাব কিংস। তবে হোম টিমের চেয়েও আকর্ষণ প্রতিপক্ষ। ২০২২ সাল থেকে অভিশপ্ত দীর্ঘ সময় পেরিয়ে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আইপিএলের ৩৬তম ভেনুতে নজরে ঋষভ পন্থের প্রত্যাবর্তন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে আজ দ্বিতীয়া। এ মরসুমের প্রথম ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালের ডিসেম্বর। গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। জীবন নিয়ে সংশয় ছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠে সংশয়, আদৌ কোনও দিন ক্রিকেটে ফেরা হবে তো? জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব সেরে ফিট পন্থ। দিল্লির ক্যাপ্টেন হিসেবেই ফিরছেন। কিপিং করবেন কিনা, মাঠে না নামা অবধি ধোঁয়াশা থাকছেই।
ঋষভ কিপিং না করলে গত মরসুমের মতো বাংলার কিপার ব্যাটার অভিষেক পোড়েলের উপরই ভরসা রাখা হবে। পুনরায় ব্যাট হাতে নামার অনুভূতিকে পন্থ ব্যাখ্যা করেছিলেন, ‘যেন অভিষেক হতে চলেছে।’ শুরুর সেই দিনগুলির মতো স্নায়ুর চাপও কি থাকবে ঋষভের উপর? হয়তো হ্যাঁ! হয়তো না! প্র্যাক্টিস এবং ম্যাচের মধ্যে বিস্তর ফারাক।
পঞ্জাবের ঘরের মাঠে দিল্লির প্র্যাক্টিসে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ঋষভ পন্থই। কখনও কোচ রিকি পন্টিং তাঁকে কড়া নজরে রেখেছেন, আবার কখনও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। ডান দিকের ছবিটাই যেমন। নেটে ব্যাট করছেন ঋষভ, নেটের পিছনে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে ঋষভ পন্থ যে এক্স ফ্যাক্টর হতে চলেছেন, সৌরভ বহু আগেই বলে দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটই হোক বা আইপিএল, বারবার তা প্রমাণ করেছেন। নতুন মরসুমে ঋষভের যেন ক্রিকেটে পুনর্জন্ম।
আজ পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস শুধুই আইপিএলের একটা ম্যাচ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের স্কোয়াডের সম্ভাব্য দুই কিপার ব্যাটারকে দেখা যাবে। দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ এবং পঞ্জাব কিংসের সহ অধিনায়ক জীতেশ শর্মা। ভারতের গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে জীতেশই ছিলেন কিপার-ব্যাটার। ফিনিশারের ভূমিকায় নজর কেড়েছেন। আইপিএলে ধারাবাহিক পারফর্ম করতে পারলে জীতেশকে রেখেই বিশ্বকাপের দল বাছা হবে।
দু-দলে বহু তারকার দিকেই নজর থাকবে। তেমনই তরুণ সেনসেশন দিল্লি জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। ডেভিড ওয়ার্নারের মতো অভিজ্ঞ ব্যাটার তো রয়েইছেন। আর পঞ্জাব কিংসে জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারানের কথাও ভোলার নয়। সব ছাপিয়ে স্পটলাইটে একজনই। ঋষভ পন্থ।