IPL 2026 : প্রকাশিত সূচি, ইডেনে আইপিএল উৎসব শুরু ২ এপ্রিল!

বিশ্বকাপের মাত্র ২০ দিন পরেই আইপিএলের সূচি নিয়ে ক্রিকেটমহলে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকেই খুব অল্প সময়ের বিশ্রাম নিয়ে সরাসরি আইপিএলের মাঠে নামতে হবে। এতে ক্রিকেটারদের শারীরিক ক্লান্তির সঙ্গে কেরিয়ারের ঝুঁকিও রয়েছে।

IPL 2026 : প্রকাশিত সূচি, ইডেনে আইপিএল উৎসব শুরু ২ এপ্রিল!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 11, 2026 | 8:17 PM

কলকাতা : নানা টালবাহানার পর অবশেষে আইপিএলের সূচির প্রকাশ করল বিসিসিআই। মোট দুইভাগে ভাগ করা হয়েছে প্রতিযোগিতাকে। ২৮ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম সংস্করণ। সূচি প্রকাশ করা হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু – এই তিন রাজ্যের ভোট রয়েছে আগামী মাসে। সেই ভোটের নির্ঘন্ট প্রকাশের পর আবার বাকি সূচি প্রকাশ হবে। সূচি অনুযায়ী, ২৮ মার্চ মাঠে নামবে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। সেই ম্যাচ দিয়েই শুরু এই আইপিএল। গতবছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায় নিয়মমাফিক তারাই প্রথম ম্যাচে খেলতে নামবে।

২৯ মার্চ অর্থাৎ দ্বিতীয় দিন কলকাতার প্রথম ম্যাচ মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নাইটদের প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্যাট কামিন্স, অভিষেক শর্মাদের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। এছাড়াও কেকেআর খেলবে পঞ্জাব (৬ এপ্রিল, কলকাতা) ও লখনৌয়ের বিরুদ্ধে (৯ এপ্রিল, কলকাতা)। আজ, বুধবার যে সূচি ঘোষণা করা হয়েছে, সেই সূচিতে প্রতি দলই ৪টি করে ম্যাচ খেলবে। কলকাতার ৩টি ম্যাচ ঘরের মাঠে। অন্যদিকে, হায়দ্রাবাদ ছাড়াও রাজস্থান, চেন্নাই, মুম্বইয়ের সঙ্গে খেলবেন কোহলির আরসিবি। ধোনির সিএসকে দুটি ও রাজস্থান রয়্যালস তিনটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। চার দিন রয়েছে দিনে দুটি করে ম্যাচ বা ‘ডাবল হেডার’। ৪ এপ্রিল প্রথম ডাবল হেডারে মুখোমুখি হবে দিল্লি ও মুম্বই। প্রথম ম্যাচ শুরু বিকেল সাড়ে ৩টে থেকে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। আর অন্যদিন ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। বোর্ড জানিয়েছিল, গতবছরের দুর্ঘটনার জন্য আরসিবি ৫ ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে খেললেও বাকি ২টি ম্যাচ খেলবে রায়পুরে। গতবছরের মতো এবারেও পঞ্জাব কিংস নিজেদের ঘরের মাঠের ম্যাচ খেলবে মুল্লানপুরে ও ধর্মশালায়।

তবে বিশ্বকাপের মাত্র ২০ দিন পরেই আইপিএলের সূচি নিয়ে ক্রিকেটমহলে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকেই খুব অল্প সময়ের বিশ্রাম নিয়ে সরাসরি আইপিএলের মাঠে নামতে হবে। এতে ক্রিকেটারদের শারীরিক ক্লান্তির সঙ্গে কেরিয়ারের ঝুঁকিও রয়েছে। তবে ভোটের সময় সূচি প্রকাশের অর্থ, ভোটের পর কেকেআরকে সব ম্যাচ বাইরে খেলতে হবে। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে ফিরতে চলেছে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ।

Follow Us