
কলকাতা : দলের নাম চেন্নাই সুপার কিংস হলেও দলে এখনও তিনিই প্রধান মুখ। ২০০৮-২০২৬ তিনিই নেতা , মধ্যে ২০১৬-১৭ বাদ দিলে একই দলের হয়ে খেলছেন মাহি। যদিও আইপিএল শুরুর আগেই একটি প্রশ্ন নিয়ে উত্তাল হয়ে যান ক্রিকেট প্রেমীরা, সেটি হল,’এবছরই কি ধোনির শেষ আইপিএল?’ স্বাভাবিকভাবেই একই প্রশ্ন এই বারেও উঠেছে। যদিও সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিয়েছেন,”ধোনিকে নিয়ে আমাদের কিছু বলার নেই। খেলা নিয়ে সিদ্ধান্ত একেবারেই ওর। ও যতদিন চাইবে চেন্নাইয়ের হয়ে খেলবে।”
আইপিএল শুরুর আগেই অবশ্য অনেক বিষয়ে প্রশ্ন উঠছে। আদৌ কি ধোনিই এবার কিপার হিসেবে খেলবেন ? কারণ, রাজস্থান থেকে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে কিনেছে চেন্নাই। সাম্প্রতিক সময়ে স্বপ্নের ফর্মে সঞ্জু। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতানোয় সঞ্জুর অবদান প্রচুর। ওয়েস্ট ইন্ডিজ, সেমিফাইনালে ইংল্যান্ড ও ফাইনালে নিউজিল্যান্ড – তিন ম্যাচেই তাঁর পারফরম্যান্স যথাক্রমে ৯৭*, ৮৯, ৮৯। বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সঞ্জু। স্বাভাবিক ভাবেই, সঞ্জুর থেকে প্রত্যাশা প্রচুর রয়েছে সিএসকে ম্যানেজমেন্টের। ক্রিকেটমহলের মত, ধোনির পিঠের চোট তাঁকে বহুদিন ধরে ভোগাচ্ছে। হয়ত এই সিজনেই কিপার হিসেবে দেখা যেতে পারে সঞ্জুকে। সেই কারণেই হয়ত সঞ্জুকে দলে নেওয়া। শোনা যাচ্ছে, চেন্নাইয়ের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে সঞ্জুকে নির্বাচিত করা হতে পারে। সেই জন্যই তাঁকে তৈরী রাখতে পারে সিএসকে। এখানেই প্রশ্ন, তাহলে কি স্রেফ ফিল্ডিং-এর জন্য় দলে থাকবেন ধোনি ? যদিও, সেই সম্ভাবনা কম। সম্ভবত, তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকায় দেখা যেতে পারে। মুম্বইয়ের হয়ে রোহিত শর্মাও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলেছেন গত সিজনে। তাও, ধোনি যে অর্ডারে ব্যাটে নামেন, তাঁকে ইনিংসের শেষ দিকে ছাড়া মাঠে ব্যাট করতে দেখার সম্ভাবনা খুব কম। যদিও, মাহি-ভক্তদের জন্য এই এক মুহূর্তের দেখাই অনেক। মাঠে ধোনিকে এক ঝলক দেখতে অপেক্ষা করে থাকেন তাঁর অগণিত ভক্ত।
২০২৩ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। এই বছর দলে নেই জাদেজা। ব্যাটার হিসেবে রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাত্রে, উরভিল প্যাটেল, সঞ্জু স্যামসন ও সরফরাজ খান। বোলিংয়ে রয়েছেন নূর আহমেদ ও খলিল আহমেদের মতো বোলাররা, যাঁরা গতবছর বেশ সফল ছিলেন। বিদেশী বোলার হিসেবে রয়েছেন নাথান এলিস ও ম্যাট হেনরি। কিন্তু দর্শকদের চোখের মণি একজনই। ৪৪ বছর বয়সী থালা। তিনি প্র্যাকটিসে নামলেই যেখানে চিপক লোকে লোকারণ্য হয়ে যায়, সেখানে প্রায় ১ বছর পর মাঠে নামবেন ধোনি। উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। কারণ ? ওই যে, ‘থালা ফর আ রিজন’ !