
কলকাতা: ফাইনালের মতো ম্যাচ, বড় মঞ্চ আর টিম চাপে— এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন মুশির খান (Musheer Khan)। ভারতীয় ক্রিকেট মহলে এই নামটা বেশ পরিচিত। বর্তমানে বছর উনিশের মুশির খান ব্যস্ত রঞ্জি ট্রফিতে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি ফাইনাল চলছে। ভারতীয় ক্রিকেটে উল্কাগতিতে ছাপ ফেলতে শুরু করেছেন মুশির। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত রানার্স হয়েছে। ওই সময় থেকে লাইমলাইটে ছিলেন মুশির। চলতি রঞ্জি ট্রফিতে মুম্বইের হয়ে কোয়ার্টার ফাইনালে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। এরপর সেমিফাইনালে হাফসেঞ্চুরি এবং ফাইনালে সেঞ্চুরি। তাঁর এই ধারাবাহিক পারফর্ম্যান্সই বুঝিয়ে দিচ্ছে যে মুশির লম্বা রেসের ঘোড়া। বিদর্ভর বিরুদ্ধে রঞ্জি ফাইনালে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সামনে তিনি সেঞ্চুরি করে ভেঙেছেন মাস্টার ব্লাস্টারের এক রেকর্ড।
রঞ্জি ট্রফির ফাইনালে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরই ১৯ বছরের মুশিরের প্রেরণা। ৩২৬ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন মুশির। সচিন যে গ্যালারিতে হাজির, তা প্রথমে জানতেন না মুশির। তবে তিনি সচিনকে গ্যালারিতে দেখার পরই ঠিক করে ফেলেছিলেন ভালো ব্যাটিং করে কিংবদন্তির নজরে আসবেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি জানতামই না সচিন স্যার মাঠে এসেছেন। যখন আমি ৬০ রান পেরোই, সেই সময় বিগ স্ক্রিনে সচিন স্যারকে দেখতে পাই। ওই সময় আমি প্রেরণা পাই যে আমার ব্যাটিং দিয়ে ওনাকে ইমপ্রেস করতে হবে।’
এর আগে রঞ্জি ট্রফি ফাইনালে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। সেই সময় সচিনের বয়স ছিল ২১ বছর ১১ মাস। আর মুশির ১৯ বছর ১৪ দিন বয়সে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করে সচিনের রেকর্ড ভেঙেছেন। চতুর্থ দিনের শেষ অবধি ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ২টো উইকেট নিয়েছেন। রঞ্জি ফাইনালের জন্য যে মারাত্মক মোটিভেটেড ছিলেন, তা বোঝাই যাচ্ছে।