
নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লক্ষ্যে রয়েছেন অনেকেই। তবে চাইলেই পাওয়া যাবে, তা নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রত্যাশা, মেন্টর হিসেবে যদি ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পাওয়া যায়। আর কোচের পদেও দু-জনকে নিয়ে ভাবনায় পিসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন মহসিন নকভি। এরপর থেকেই নানা পরিকল্পনা গড়ছেন। যেমন তাঁর পরিকল্পনা রয়েছে, পাকিস্তান ক্রিকেটারদের জন্য আর্মি ট্রেনিং। এ মাসের শেষেই বিশেষ শিবির করতে চান। এ বার কোচ এবং মেন্টর হিসেবেও কাদের চায় পিসিবি, সেই তালিকাও সামনে আসছে।
পাকিস্তান সুপার লিগ চলছে। সেখানে কোচিং করাচ্ছেন ড্যারেন সামি এবং মাইক হেসন। দুটিই পরিচিত নাম। নিউজিল্যান্ডের মাইক হেসন দীর্ঘ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবির দায়িত্বে ছিলেন। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হেসন। অন্যদিকে, পেশোয়ার জালমির কোচ ড্যারেন সামি। এই দু-জনের মধ্যে কোনও একজনকে কোচ হিসেবে চাইছে পিসিবি।
পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হেসন-সামির মধ্যে কোনও একজনকে কোচ হিসেবে চাওয়ার পাশাপাশি মেন্টর পদে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে শীঘ্রই প্রস্তাব দেওয়া হবে বলে পাকিস্তান সংবাদ মাধ্যমে খবর। যদিও এই প্রত্যাশা আদৌ পূরণ হবে কিনা, বলা কঠিন। এর অন্যতম কারণ, টাকার অঙ্কটা ঠিক কী হতে পারে!