
কলকাতা : রোমারিও শেপার্ডের বলটা মিড্ অনের উপর দিয়ে খেলে দিয়েই ইডেন পিচে বসে পড়লেন সঞ্জু। হেলমেট খুলে দুই দিকে দুই হাত প্রসারিত করে আকাশের দিকে একবার তাকালেন। দেখে কে বলবে, একটু আগেই ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি ? বহুদিন ধরে রান পাচ্ছিলেন না তিনি। বহুদিন ধরে অবহেলা করা হচ্ছিল তাঁকে। তিনি নিজেও জানতেন, তাঁর বিশ্বকাপে সুযোগ আর হয়ত জুটবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরেই ভারতীয় দলের ওপেনিং জুটিতে বদল এনে সাফল্য পেল ভারত।
চাপের মুখে জীবনের সেরা ইনিংস খেলছেন সঞ্জু। তাঁর ৯৭* টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের রান তাড়া করে সর্বশ্রেষ্ঠ ইনিংস বলে গণ্য হয়েছে। দলকে সেমিফাইনালে তুলে ধন্যবাদ দিয়েছেন নিজের আরাধ্য ঈশ্বরকে। এরপরেই বিপাকে পড়েছেন সঞ্জু । ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সঞ্জু যেভাবে সেলিব্রেট করেছেন তাতেই নাকি নিয়মভঙ্গ হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ম্যাচ জয়ের পরেই হেলমেট ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে বসে পড়েন সঞ্জু। মাটিতে হাঁটু মুড়ে বসেই প্রার্থনা করতে দেখা যায় সঞ্জুকে। কারও মতে, তিনি হিন্দু, মুসলিম, খ্রিশ্চান – তিন ধর্মের মতেই প্রার্থনা করেছেন। প্রথমে ইসলামিক ভঙ্গিতে তিনি দুই দিকে হাত মেলে প্রার্থনা করেন। তারপর বুকে ক্রসচিহ্ন এঁকে নিজের আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন সঞ্জু। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেলিব্রেশন নিয়ে আনন্দিত সমর্থকরা। তবে এই সেলিব্রেশন নিয়েই অসন্তুষ্ট আইসিসি। যদিও ধর্মীয় আচরণে অসুবিধে নেই আইসিসির। কিন্তু, যেহেতু সঞ্জু হেলমেট ছুঁড়ে মাটিতে ফেলেছেন, এই বিষয়েই আপত্তি আইসিসির। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার খেলার সঙ্গে সম্পর্কিত কোনও সরঞ্জাম ছুঁড়তে বা ফেলতে পারেন না। হেলমেট ছুঁড়ে ফেলে শাস্তির কবলে পড়তে পারেন সঞ্জু । ম্যাচ রেফারি বিষয়টি দেখছেন। দোষী হলে বড় শাস্তি হতে পারে তাঁর। সরঞ্জাম ছুঁড়ে ফেললে সেটি লেভেল ওয়ান অপরাধ হিসেবে গণ্য হয়। এর সর্বোচ্চ শাস্তি হতে পারে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট কাটা।
সঞ্জুর দোষ গণ্য হলে তিনি সর্বোচ্চ আর্থিক জরিমানা দেবেন। যদিও, ক্রিকেটমহল মেনে নিয়েছে সঞ্জু যা করেছেন সেটি তাঁর আবেগের বহিঃপ্রকাশ মাত্র। ক্রিকেটকে ছোট করার কোনও উদ্দ্যেশ্য সঞ্জুর ছিল না। দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার সঞ্জু। অবশেষে যেন তাঁর ভাগ্যে শিকে ছিঁড়েছে। অথচ, তার মধ্যেই বিতর্কের কেন্দ্রে সঞ্জু।