Cricket-Bizarre: পাকিস্তান ক্রিকেটারের ‘ঐতিহাসিক’ ঘুম, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই রেকর্ড!

Pakistan Cricket: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট টিম। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলবে তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি শুরু হয়ে যাবে এই সিরিজ দিয়ে।

Cricket-Bizarre: পাকিস্তান ক্রিকেটারের ঐতিহাসিক ঘুম, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই রেকর্ড!
Image Credit source: PTI FILE

Mar 06, 2025 | 6:10 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্বে। রবিবার ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে। ভারত ফাইনালে ওঠায় ট্রফির ম্যাচও হচ্ছে না পাকিস্তানে। রবিবার টুর্নামেন্টের ফাইনাল দুবাইয়ে। মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট টিম। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলবে তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি শুরু হয়ে যাবে এই সিরিজ দিয়ে। তার আগে অনেকেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন। আর সেখানেই অনন্য রেকর্ড গড়লেন পাকিস্তানের তরুণ ব্যাটার সাউদ শাকিল।

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হয়নি সাউদ শাকিলের। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছেন। আর তাতেই নজির গড়লেন। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন তিনি। ক্রিকেটের এই টার্ম ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে নতুন করে চর্চায় উঠেছিল। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের ঘটনা। শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে এসে স্টান্স নেওয়ার সময় দেখেন হেলমেট ঠিক নেই। অন্য হেলমেট চেয়ে পাঠান। এর মাঝেই টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ারও আউট দিতে বাধ্য হন। সাকিব আল হাসানরা আবেদন তুলে নিলে অবশ্য আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে পারতেন।

পাকিস্তানের প্রেসিডেন্টস কাপে স্টেট ব্যাঙ্কের হয়ে খেলছেন। পাঁচে ব্যাট করতে নামার কথা সাউদ শাকিলের। সব ঠিকই চলছিল। হঠাৎই পরপর দু-বলে ক্যাপ্টেন উমর আমিন ও ফাওয়াদ আলমের উইকেট হারায় পাকিস্তান স্টেট ব্যাঙ্ক। সময়মতো ক্রিজে আসতে না পারায় টাইমড আউট দেওয়া হয় সাউদ শাকিলকে। ক্রিকেট ইতিহাসে নবম ব্যাটার হিসেবে টাইমড আউট। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন সাউদ শাকিল।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হলে তিন মিনিটের মধ্যেই নতুন ব্যাটারকে ক্রিজে এসে স্টান্স নিতে হয়। সময় পেরিয়ে গেলে প্রতিপক্ষ টিম টাইমড আউটের আবেদন করতে পারে। সূত্রের খবর, ঘুমিয়ে পড়েছিলেন সাউদ শাকিল। তিনি ক্রিজে এলেও তিন মিনিট পেরিয়ে যাওয়ায় প্রতিপক্ষ টিম আবেদন করে এবং আম্পায়ার আউট দেন।

আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ঘানার গডফ্রেড বাকিওয়েম টাইমড আউট হয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে সপ্তম এবং সব মিলিয়ে নবম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড সাউদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us