
কলকাতা : বেশি নয়, দেড় মাস আগের কথা। বাংলাদেশী বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে ৯ কোটি টাকায় কিনেছিল কেকেআর। ভারত ও বাংলাদেশ সম্পর্ক তিক্ত হওয়ার কারণে তাঁকে দলে নেওয়া নিয়ে শুরু হয় তীব্র বিরোধ। দল থেকে বাদ দিতে হয় মুস্তাফিজুরকে। এই ঘটনার প্রতিবাদে সদ্য হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। ভারতে তারা সুরক্ষিত নয়, এই মর্মে আইসিসিকে বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল, তাদের সব ম্যাচ যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা হয়। কিন্তু আইসিসি বাংলাদেশের প্রস্তাব মানেনি। এর ফলেই বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে। তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যদিও শেষে নিজেদের মুখ পুড়িয়ে ভারত ম্যাচ খেলেও বড় ব্যবধানে হেরে যায় পাক দল। সেই ঘটনার পর আবার পাকিস্তানকে নিয়ে বিতর্ক শুরু ভারতীয় ক্রিকেটে।
গতকাল লণ্ডনে ছিল ‘দ্য হান্ড্রেড’ এর নিলাম। এই প্রথম এই প্রতিযোগিতায় নিলাম হল। এর আগে ‘ড্রাফ্টিং’ এর মাধ্যমে খেলোয়াড় নির্বাচন হত। এবারের নিলামে মোট অংশ নিয়েছিল ৮টি দল। এই ৮ দলের মধ্যে ৪ দলেরই আইপিএলে দল রয়েছে। দলগুলি হল, সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দ্রাবাদ), এম আই লণ্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনৌ সুপার জায়ান্টস), সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। সেই নিলামেই পাকিস্তানি স্পিনার আব্রার আহমেদকে কিনে নেয় সানরাইজার্স লিডস। ২ কোটি ৩৪ লক্ষ তাকে এই স্পিনারকে দলে নিয়েছে সানরাইজার্স। তাঁকে দলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। যেখানে একজন পাকিস্তানি ক্রিকেটার ২০০৮ সালের পর আর আইপিএলে খেলার সুযোগ পাননা, সেখানে কোন যুক্তিতে একজন পাকিস্তানিকে কিনল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ? সমাজমাধ্যমে বলা হচ্ছে, আইপিএলে সানরাইজার্সের ম্যাচ বয়কট করা হোক। নিলাম টেবিলে উপস্থিত ছিলেন দলের সিইও কাব্য মারাণ ও কোচ ড্যানিয়েল ভেট্টোরি। প্রসঙ্গত, আইপিএলের নিলামেও দেখা যায় তাঁদেরই। বিতর্কের পরই ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট সাসপেণ্ড হয়ে গিয়েছে। কয়েক মাস আগে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে শুবমান গিলকে আউট করে বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন আব্রার। সেই ক্রিকেটারকেই কেন কিনলেন কাব্য, প্রশ্ন নেটিজেনদের।
ইংল্যান্ডের এই টুর্নামেন্ট নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল, দক্ষিণ আফ্রিকার মতো কি এই লিগেও খেলতে পারবেন না পাক খেলোয়াড়রা ? ভারতীয় মালিকানাধীন দলগুলিতে সুযোগ পাবেন না পাক ক্রিকেটাররা, আগেই এই নিয়ে কথা উঠেছিল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, একমাত্র ক্রিকেটীয় দক্ষতা ছাড়া যেন আর কিছু বিচার করা না হয়। সেই নির্দেশ মেনেই ১৩ জন পাক ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছিল। ২০২১ সালে জুলাই মাসে শুরু হয়েছিল এই ক্রিকেট লিগ। প্রত্যেকটি দল ১০০ টি বল খেলার সুযোগ পায় অর্থাৎ একটি ইনিংস ১০০ বলের। এই টুর্নামেন্টে ১ টি ওভার হয় ৫ বলের। একজন বোলার একসময় সর্বোচ্চ টানা ২ ওভার (১০ বল) করতে পারবেন। গোটা ম্যাচে মোট ৪ ওভার বল করতে পারবেন। নো বল হলে ব্যাটিং দল পায় ২ রানের পেনাল্টি। যদি কোনও ম্যাচ টাই হয়, তাহলে সুপার ওভারের আদলে ৫ বলের ‘সুপার ওভার ফাইভ’ হয়। খুব কম সময়ের মধ্যেই এই ক্রিকেট প্রতিযোগিতা বিখ্যাত হয়ে উঠেছে। তবে, আব্রারকে নিয়ে হওয়া বিতর্ক যেন এবার আগুনে ঘি ফেলল।