
একটা রাত পেরনোর অপেক্ষা। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ভারত। ২০১৭ সালে শেষ বার এই টুর্নামেন্ট হয়েছিল। সে বার পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। যদিও ফাইনালে সেই পাকিস্তানের কাছেই হার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে রবিবার নামবে ভারত। কাল বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করছেন রোহিত শর্মারা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ভারতের সব ম্যাচ দুবাইতে। ভারতের স্কোয়াডে শেষ মুহূর্তে এন্ট্রি হয়েছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। টিমে আগেই চার স্পিনার রাখা হয়েছিল। যশস্বীকে বাদ দিয়ে বরুণের অন্তর্ভূক্তি। এর নেপথ্যে কোন কারণ? ‘ভুল’ ধরিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরুর আগের দিন সাংবাদিক সম্মেলেন রোহিত। পাঁচ স্পিনার প্রশ্নে বলেন, ‘আমাদের টিমে দু-জন স্পিনার, বাকি তিনজন অলরাউন্ডার। আমি অন্তত পাঁচ স্পিনার হিসেবে দেখছি না। এমন তিনজন রয়েছে যাঁরা ব্যাটিং-বোলিং দুটোই ভালো পারে। উল্টোদিকেও ফাস্ট বোলার এবং পেস বোলিং অলরাউন্ডার রয়েছে। ওরা বলে, ওদের টিমে ছ-জন পেসার রয়েছে। খুব ভালো। আমরা নিজেদের শক্তিতে জোর দিচ্ছি।’
বিষয়টি আরও বিস্তারিত ভাবে রোহিত বলেন, ‘যে তিনজনের কথা বলছিলাম, জাডেজা-অক্ষর-ওয়াশি আমাদের কম্বিনেশনে ভারসাম্য আনে। টিমের গভীরতার দিক থেকেও এই তিন জনের কথা ভুললে চলবে না। আমরা এমন প্লেয়ারকে বেশি প্রাধান্য় দিতে চেয়েছি, যাদের দু-রকম দক্ষতাই রয়েছে। শুধুমাত্র একটি দক্ষতার ভিত্তিতে টিম গড়া হয়নি।’
গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। দীর্ঘ ১৭ বছর পর এই ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বার নজরে ৫০ ওভারের ফরম্যাট চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার ২০১৩ সালে এই টুর্নামেন্ট জিতেছিল ভারত।