India vs Bangladesh: ‘যে কোনও টিমকেই হারাতে পারি’, ভারত ‘ফেভারিট’ প্রশ্নে বাংলাদেশ ক্যাপ্টেন

ICC Champions Trophy 2025: বাংলাদেশ টিমের শক্তি এবং আইসিসি টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স থেকেই ফেভারিট তকমা নয়। যদিও সাংবাদিকের এই তকমায় অসন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

India vs Bangladesh: যে কোনও টিমকেই হারাতে পারি, ভারত ফেভারিট প্রশ্নে বাংলাদেশ ক্যাপ্টেন
Image Credit source: ICC

Feb 19, 2025 | 10:24 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। আট দলের টুর্নামেন্ট। গ্রুপে চারটি দল। প্রতিটি ম্যাচ কার্যত নকআউট। হারলে খাদের কিনারায়। টুর্নামেন্টের ফরম্যাট খুবই কঠিন। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ফলে এই গ্রুপ থেকে মূলত ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দুটি দলকে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। বাংলাদেশ টিমের শক্তি এবং আইসিসি টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স থেকেই ফেভারিট তকমা নয়। যদিও সাংবাদিকের এই তকমায় অসন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাংবাদিক সম্মেলনে ‘ফেভারিট’ প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যদি এই ফরম্যাটের কথা বলেন, আমাদের টিমে যথেষ্ট ভারসাম্য রয়েছে। আমাদের বিশ্বাস, টুর্নামেন্টে যে কোনও দলকে আমরা হারাতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটা দলই খেতাব জয়ের ক্ষমতা রাখে। তবে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবার মানুষ আমি অন্তত নই। নিজেদের পরিকল্পনাগুলো বাস্তাবায়িত করতে পারলে, যে কোনওদিনই যে কোনও প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখি।’

বাংলাদেশ টিমে অলরাউন্ডার অনেক বেশি। সেটাকে অবশ্য গুরুত্ব দিতেই হবে। বিশেষ করে মেহদি হাসান মিরাজ, মাহমুদুল্লা এবং সৌম্য সরকারের কথা বলতে হয়। এত বিকল্প থাকায় একাদশ বাছাইয়ে মাথাব্যথা কি না, এই প্রশ্নে শান্ত বলেন, ‘অবশ্যই। অলরাউন্ডাররা টিমের ভারসাম্য বাড়ায়। আমাদের টিমে দক্ষ অলরাউন্ডার রয়েছে। আশা করি, যারা সুযোগ পাবে, পারফর্ম করবে।’

Loading...
Unable to load recommendations.
Follow Us