
দীপঙ্কর ঘোষাল : হার দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু হয়েছিল চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হার। ঘরের মাঠে ফিরেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল চেন্নাই সুপার কিংস। রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। এর পর ওয়াংখেড়েতে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও জয়। সব কিছুর মধ্যেও যেন আক্ষেপ চেন্নাই সুপার কিংস সমর্থকদের। মহেন্দ্র সিং ধোনিকে বেশি সময়ের জন্য ক্রিজে দেখার সুযোগ হচ্ছে না। প্রথম ম্যাচে ৭ বল, দ্বিতীয় ম্যাচে তিন বল খেলার সুযোগ পেয়েছেন মাহি। ওয়াংখেড়েতে রাহানে-ঋতুরাজের অনবদ্য ইনিংসের পর ধোনিকে ব্যাট হাতে নামতেই হয়নি। সিএসকে-র ব্যাটিং আক্রমণ এখনও অবধি ভালো পারফর্ম করছে। মাহি ব্য়াটিং অর্ডারে ওপরের দিকে না এলে সেই আক্ষেপ থেকেই যাবে। ধোনি কি ব্যাটিং অর্ডারে ওপরে নামবেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস যেন একই বিন্দুতে রয়েছে। দু-দলই এ বারের মরসুমে তিনটি করে ম্য়াচ খেলেছে। এর মধ্যে দুটি করে জয়। রাজস্থান রয়্যালসের জয়ের সংখ্যা তিনও হতে পারত। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচটা মাত্র ৫ রানের জন্য হার। শেষ ওভারে অনবদ্য বোলিং করেছিলেন পঞ্জাব কিংসের বাঁ হাতি পেসার স্যাম কারান। রাজস্থানের ব্য়াটিং বিভাগ ছন্দে রয়েছে। বিশেষ করে বলতে হয় দুই ওপেনার যশস্বী জয়সোয়াল এবং জস বাটলারের কথা। ধারাবাহিক ভালো খেলছেন তাঁরা। অধিনায়ক সঞ্জু স্য়ামসনও ছন্দে। বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল বাড়তি ভরসা দিচ্ছেন।
চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় ম্য়াচে নামতে চলেছে। ম্য়াচের সঙ্গে প্রতিনিয়ত উন্নতি করছে চেন্নাই। তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় দারুণ ছন্দে। গত ম্য়াচে ফিনিক্স হয়ে উঠেছিলেন অজিঙ্ক রাহানে। মিনি অকশনে রাহানের জন্য় কোনও দলই সে ভাবে চেষ্টা করেনি। চেন্নাই তাঁকেই নেয়। প্রথম দু-ম্যাচে সুযোগ পাননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁকে একাদশে রাখেন ধোনি। মাত্র ১৯ বলে অর্ধশতরান করেছিলেন রাহানে। এর মধ্যে আর্শাদ খানের এক ওভারে তুলেছিলেন ২৩ রান। পাওয়ার হিটিং নয়, ক্লাসিক ক্রিকেটীয় শটেও যে রান তোলা যায়, দেখিয়ে দিয়েছেন রাহানে। এই ম্য়াচেও বাড়তি নজর থাকবে। বোলিং বিভাবে সকলেই ছন্দে। বিশেষ করে স্পিনাররা। এর মধ্যে গত ম্য়াচে প্রশংসনীয় পারফরম্যান্স রবীন্দ্র জাডেজার।