
দিল্লি: আইপিএলের আগামী মরসুমের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই নিজেদের দল গোছানো শুরু করেছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। দিন কয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোচ হিসেবে নিযুক্ত করে চমকে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবার সৌরভের সময়ের আরও একজন ক্রিকেটারকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল জিন্দালদের গোষ্ঠী। গত ২ মরসুম দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত ছিলেন প্রাক্তন ভারতীয় বোলার মুনাফা প্যাটেল। এবার তাঁর বদলেই দলের সাপোর্ট স্টাফ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন এই শ্রীলঙ্কান পেসার।
তিনি আর কেউই নন, তিনি চামিন্ডা ভাস। শনিবার তাঁকে নিয়োগের কথা ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভাসকে স্বাগত জানিয়ে লেখা হয়, “বিশ্বকাপজয়ী ও শ্রীলঙ্কার সর্বকালের সেরা। টাইগার টেরিটরিতে স্বাগত, কোচ।” আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত সফল বোলার ছিলেন তিনি। ১১১টি টেস্ট ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৩৫৫টি উইকেট। অন্যদিকে, ওডিআইতে ৪০০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। সেরা ওডিআই স্পেল ১৯ রানে ৮ উইকেট। এর আগে কোচ হিসেবে সৌরভ ও ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিংকে নিযুক্ত করেছে দিল্লি। এবার ভাস আসায় আরও শক্তিশালী হল দলের সাপোর্ট স্টাফ।
পূর্বের অভিজ্ঞতা-
অতীতেও কোচিং করিয়েছেন ভাস। শ্রীলঙ্কার পুরুষ দলের বোলিং কোচ হিসেবে তিনি ৩ বার দায়িত্ব সামলিয়েছেন। তাঁর কোচিং কেরিয়ার শুরু হয়েছিল নিউজিল্যান্ড দলে। এরপর ২০১৩-২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের বোলিং কোচ ছিলেন তিনি। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। পরে আবার শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। IPL-এও কোচিং করিয়েছেন তিনি। ২০০৮-২০১০ পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার আর খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন তিনি। তবে এবার সৌরভের কোচিংয়ে ভাসের অভিজ্ঞতা দলকে কতটা সাফল্য এনে দেয়, সেটাই দেখার।