
কলকাতা: ছোটদের লিগে বড় সিদ্ধান্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। আধার কার্ড জালিয়াতি এবং বয়স ভাঁড়ানোর অভিযোগে অনূর্ধ্ব ১৭ (U17) আই লিগ থেকে সাসপেন্ড হয়ে গেল ইস্টবেঙ্গল। ছোটদের বড় ম্যাচে ০-৪ হারের পর মোহনবাগান জোড়া অভিযোগ এনে নথিসহ চিঠি পাঠিয়েছিল এআইএফএফকে (AIFF)। শৃঙ্খলারক্ষা কমিটি সবদিক খতিয়ে দেখে রায় জানাল এ দিন। ছোটদের লিগে এ বছর আর খেলতে পারবে না ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবেই লাল-হলুদের বিরুদ্ধে প্রতিপক্ষরা যে পয়েন্ট হারিয়েছিল, তারা পুরো পয়েন্টই পাবে। ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বি। ব্রিগেডে তৃণমূলের জনসভার জন্য ওই দিন এই ম্যাচ বাতিল হয়েছে। কবে হবে মরসুমের শেষ ডার্বি, তা নিয়ে জটিলতা যখন তুঙ্গে, তখনই ছোটদের লিগে মুখ পুড়ল ইস্টবেঙ্গলের (East Bengal)। শুধু ইস্টবেঙ্গল নয়, বয়স ভাঁড়ানোর অভিযোগে এই লিগ থেকে সাসপেন্ড হয়ে গেল মুথুট ফুটবল অ্যাকাডেমিও।
বয়স ভাঁড়ানো সংক্রান্ত ব্যাপারে ইদানীং কড়া মনোভাব দেখিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মোহনবাগানের তরফে অভিযোগ পাওয়ার পরই শৃঙ্খলারক্ষা কমিটি নড়েচড়ে বসে। তার পরই সিদ্ধান্ত ঘোষণা করে দিল তারা। তবে ইস্টবেঙ্গলের আর কোনও লাইফলাইন নেই, তা বলা যাচ্ছে না। আপিল কমিটির কাছে আবেদন করতে পারবেন কর্তারা। অবশ্য তাঁরা এ নিয়ে কী ভাবছেন, তা জানা যায়নি। ঠিক তেমনই মোহনবাগানও এ নিয়ে মুখ খুলতে নারাজ এখন।
ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলে দিলেন, ‘আমাদের সাসপেন্ড করে বলা হয়েছে ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। সেটা আমরা করব। ওখানে সুবিচার না পেলে আইনী পথে যাব কিনা, সেটাও ভাবব।’ সেই সঙ্গে হতাশা নিয়ে দেববর্ত (নীতু) বলে দিলেন, ‘যে ছেলেটাকে নিয়ে সমস্যা ছিল, তাকে আমরা চিহ্নিত করেছিলাম। সে যে দোষ করেছে, তা স্বীকারও করেছে। দেশ ও ক্লাবকে ঠকিয়েছে, তাও বলেছে। তার পরও কেন এমনটা হল, বুঝতে পারছি না। এতগুলো ছেলে ঘাম-রক্ত ঝরিয়ে টিমকে নক আউট পর্বে তুলেছিল। তার কোনও মূল্য রইল না।’
যুব লিগের গ্রুপ বি-তে শীর্ষে ছিল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২৫। একটা হার ও একটা ড্র বাদ দিলে বাকি ৬ ম্যাচেই জিতেছে লাল-হলুদ। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা মোহনবাগানকে দুইয়ে। প্রতি গ্রুপ থেকেই পরের পর্বে গিয়েছে দুটো টিম। গ্রুপ বি থেকে নক আউটে গিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কিন্তু মারাত্মক অভিযোগের ভিত্তিতে যুব লিগ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। সে ক্ষেত্রে তিনে থাকা ইউনাইটেড এসসি নক আউট খেলবে।