
কলকাতা : চলতি আইএসএলে দুরন্ত শুরু করেছে মোহনবাগান। ৩টি ম্যাচের ৩টিতেই জিতে গ্ৰুপের শীর্ষে মোহনবাগান। গত ম্যাচেই মহামেডানকে ৫-১ উড়িয়ে দিয়েছে সের্জিও লোবেরার দল। তিন ম্যাচের তিনটিই ঘরের মাঠে খেলেছেন দিমিত্রিরা। কেরালা, চেন্নাই, মোহামেডান – তিন দলকেই নিজের পায়ের জাদুতে ধ্বংস করেছেন দিমিত্রি। তবে এইবার আইএসএল চলাকালীন বড় শাস্তির মুখে পড়ল মোহনবাগান। শাস্তির ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছেন বাগান সমর্থকরা।
আইএসএলের প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। জেমি ম্যাকলারেন ও টম আলড্রেডের গোলে সেই ম্য়াচে জয় পায় বাগান। মঙ্গলবার ক্লাবের তরফ থেকে জানানো হয়, দর্শকদের একাংশের নিয়মভঙ্গ হয়েছে। তাই বাগানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের শৃঙ্খলাভঙ্গ কমিটি। বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে সবুজ-মেরুনকে। এর পাশাপাশি আগামী ওড়িশা ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগানকে। মোহনবাগান ম্যানেজমেন্ট এই জরিমানার অঙ্ক মেনে নিলেও ফাঁকা গ্যালারির সামনে খেলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। AIFF ‘লঘু পাপে গুরু দণ্ড’ দিয়েছে বলেই মত সবুজ-মেরুনের। সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ রেখে হাজার হাজার সমর্থকের প্রতি অবিচার হচ্ছে বলে মনে করছে দল কর্তৃপক্ষ। ক্লাবের দাবি, সমর্থকদের দাবি ও স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত ফেডারেশনের।
এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে মোহনবাগান। এখন দেখার, মোহনবাগানের এই অনুরোধের পর এআইএফএফ সিদ্ধান্ত বদল করে কিনা। নাহলে ৬ মার্চ দর্শকশূন্য মাঠেই খেলতে হবে সবুজ-মেরুনকে। AIFFকে নিয়ে এমনিতেই খুশি নয় সমর্থকরা। তাঁদের দাবি, যারা একটা দেশের লীগ চালু করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, ফিফার ব্যান খায়, চলতি লিগে হঠাৎ অন্য দলকে অন্তর্ভুক্ত করতে চায়, দেশের ফুটবলের মান তলানিতে ঠেকিয়ে দেয়, তাদের অন্তত এই নিয়ম দেখানো মানায় না। কিন্তু, ফেডারেশনকে কে শাস্তি দেবে ?