
কল্যাণী: হৃতিক শোকিনের বল মিড অফে ঠেলে দিয়েই সিঙ্গল নিয়ে ফেললেন তিনি। তারপর আর বাঁধ মানল না চোখের জল। হেলমেট খুলে কোহলির মতো ব্যাট কথা বলার মতো সেলিব্রেশন করলেন। তারপরই আর আবেগ ধরে রাখতে পারলেন না। মাঠেই হাঁটু গেড়ে বসে পড়লেন। চোখ দিয়ে তখন বেরিয়ে আসছে অজস্র বারিধারা। কারণ, বিগত কয়েক মাস একদমই ভাল যায়নি তাঁর। কী কী যে ঘটেছে, তা তাঁর থেকে ভাল আর কে জানে? দুষ্কর্মের অভিযোগ থেকে জেলযাত্রা – কী না হয়নি তাঁর সাথে? কিন্তু জেলযাত্রার পর মাঠে ফিরে তিনি, অভিষেক পোড়েল বুঝিয়ে দিলেন তিনি যেন অন্য ধাতুতে গড়া।
রঞ্জি ট্রফি ২০২৬-২৭ এর প্রথম ম্যাচে মুখোমুখি বাংলা ও দিল্লি। প্রথম ইনিংসে ২৪০ রানে অল আউট হয়ে গিয়েছে দিল্লি। ৪ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার অঙ্কুর পাল (১৭) ও অভিমন্যু ঈশ্বরণ (৩৪) বেশিক্ষন না টিকলেও এরপর থেকেই খেলা ধরেন সুদীপ ঘরামী ও অভিষেক। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৩০৪/৩। ৬৪ রানে এগিয়ে বাংলা। ১২২ রানে অপরাজিত সুদীপ ও ১১৪ রানে অপরাজিত অভিষেক।
কয়েক মাস আগেই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন এক তরুণী। জামিন অযোগ্য ধারাতে গ্রেফতার করা হয় অভিষেককে। জামিন অযোগ্য ধারার ফলে প্রায় ৩৬ দিন জেলে ছেলন তিনি। অবশেষে ১৭ সেপ্টেম্বর তাঁকে জামিন দেয় আদালত। এরপরেই তাঁকে সুযোগ দেওয়া হয় বাংলা দলে। ২ রানের মাথায় তাঁর ক্যাচ পড়লেও প্রথমে ৭০ বলে হাফ সেঞ্চুরি ও ১৩৭ বলে সেঞ্চুরি করলেন তিনি। ফলে আশা করা হচ্ছে, আবার মূলস্রোতে ফিরছেন তিনি।