Paris Olympics 2024: বিশ্বের ৪ নম্বরকে হারিয়ে ইতিহাস, টিটির শেষ আটে মনিকা-সৃজারা

PARIS 2024, Table Tennis: প্যারিস অলিম্পিকে মহিলাদের টেবল টেনিসের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে রোমানিয়া ও ভারত মুখোমুখি হয়েছিল। সেখানে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন মনিকা বাত্রা, সৃজা আকুলারা।

Paris Olympics 2024: বিশ্বের ৪ নম্বরকে হারিয়ে ইতিহাস, টিটির শেষ আটে মনিকা-সৃজারা
Paris Olympics 2024: বিশ্বের ৪ নম্বরকে হারিয়ে ইতিহাস, টিটির শেষ আটে মনিকা-সৃজারাImage Credit source: X

Aug 05, 2024 | 4:49 PM

প্যারিস: প্রথমবার অলিম্পিকে টেবল টেনিসের টিম ইভেন্ট জায়গা পেয়েছেন ভারতের মেয়েরা। সোমবার প্যারিস গেমসে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর ছিল মহিলাদের টেবল টেনিসনের রাউন্ড অব-১৬-র ম্যাচে। সেখানে বিশ্বের ৪ নম্বর টিম রোমানিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। ব়্যাঙ্কিংয়ে রোমানিয়ার থেকে ভারত অনেকটাই পিছিয়ে, ১১ নম্বরে। কিন্তু পারফরম্যান্সে রোমানিয়াকে টেক্কা দিলেন মনিকা-সৃজারা। ভারতীয় ক্রীড়া মহল বলছে, রোমানিয়ার বিরুদ্ধে রোমহর্ষক জয় ছিনিয়ে নিলেন মনিকা বাত্রা-সৃজা আকুলারা। এই জয়ের ফলে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের মেয়েরা।

অলিম্পিকে ডেবিউতেই চমক দেখাচ্ছে ভারতের মহিলা টেবল টেনিস টিম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহিলাদের টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন মনিকা-সৃজারা। টিম ইভেন্টের প্রথম ম্যাচে ডাবলসে নেমেছিলেন অর্চনা গিরিশ কামাথ ও সৃজা আকুলা। রোমানিয়ান জুটির বিরুদ্ধে তাঁরা জেতেন ১১-৯, ১২-১০, ১১-৭ ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে বিশ্বের ১০ নম্বর বার্নাডেটা সোকসকে ৩-০ হারান মনিকা বাত্রা। ম্যাচের ফল ১১-৫, ১১-৭, ১১-৭ মনিকার পক্ষে।

টিম ইভেন্টের তৃতীয় ম্যাচে এলিজাবেতা সামারার বিরুদ্ধে শুরুটা ভালো করেও ৩-২ ব্যবধানে হেরে যান সৃজা আকুলা। যার ফলে ম্যাচের স্কোরলাইন হয়ে যায় ২-১। তাতেও ভারতই এগিয়ে ছিল। কিন্তু চতুর্থ ম্যাচে অর্চনা গিরিশ কামাথ ৩-১ ব্যবধানে হেরে যেতেই স্কোরলাইন হয় ২-২। যার ফলে শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় ফয়সলার ম্যাচ।

টিম ইভেন্টের পঞ্চম ম্যাচে ভারতের মনিকা বাত্রা কোনও ভুল করেননি। তিনি জানতেন, ওই ম্যাচ জিতলেই ঐতিহাসিক জয়ের মুখ দেখবে ভারত। রোমানিয়ার টিটি প্লেয়ার আদিনাকে ডায়াকনুকে ১১-৫, ১১-৯, ১১-৯ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠেছেন মনিকা-সৃজারা।

Follow Us