Paris Olympics 2024: রাত পোহালেই ট্র্যাক কাঁপাতে নামবেন নীরজ চোপড়া, প্যারিস থেকে আসবে সোনা?

Neeraj Chopra: টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন নীরজ চোপড়া। এ বার প্যারিস অলিম্পিক থেকেও নীরজের হাত ধরে সোনার স্বপ্ন দেখছে দেশবাসী। এখনও অবধি (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) প্যারিস গেমস থেকে তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতে। নীরজ কি সোনা দিতে পারবেন?

Paris Olympics 2024: রাত পোহালেই ট্র্যাক কাঁপাতে নামবেন নীরজ চোপড়া, প্যারিস থেকে আসবে সোনা?
Paris Olympics 2024: রাত পোহালেই ট্র্যাক কাঁপাতে নামবেন নীরজ চোপড়া, প্যারিস থেকে আসবে সোনা?Image Credit source: X

Aug 05, 2024 | 3:39 PM

কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) নীরজ চোপড়ার (Neeraj Chopra) থেকে পাহাড় সমান প্রত্যাশা রয়েছে ভারতবাসীর। টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন পানিপতের ছেলে। তারপর থেকে সোনার ছেলেকে নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আগ্রহ, বিশ্বাস সবই বেড়েছে। যে কারণে, একবাক্যে সকলেই বলছেন, প্যারিস থেকে ভারতের ঝুলিতে সোনা আসবে নীরজের বর্শাতেই। আগামিকাল প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামছেন বছর ২৬ এর ভারতীয় সুপারস্টার। কখন রয়েছে নীরজ চোপড়ার ইভেন্ট? জানুন বিস্তারিত।

আগামিকাল, ৬ অগস্ট ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৫০ নাগাদ শুরু হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট। ভারতের নীরজ চোপড়া অবশ্য তার থেকে কিছু সময় পরে নামবেন ট্র্যাকে। কারণ নীরজ রয়েছেন গ্রুপ-বি-তে। বিকেল ৩.২০ মিনিটে শুরু হবে বি-গ্রুপের কোয়ালিফিকেশন রাউন্ড। নীরজের পাশাপাশি ভারতের আর এক জ্যাভলিন থ্রোয়ার প্যারিস গেমসে নামবেন। তিনি হলেন কিশোর জেনা। গ্রুপ-এ-তে পড়েছেন তিনি।

বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার জ্যাকুব ভাদলেচ রয়েছেন গ্রুপ-এ-তে। আর বিশ্বের দুই নম্বর জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া রয়েছেন গ্রুপ-বি-তে। ফলে যোগ্যতা অর্জন পর্বে নীরজ ও জ্যাকুবের লড়াই দেখা যাবে না। কিন্তু তাঁরা দু’জনই যদি ফাইনালে ওঠেন, সেক্ষেত্রে তাঁদের লড়াই দেখা যাবে ৮ অগস্ট। ভারতীয় সময় অনুযায়ী পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ের ফাইনাল হবে রাত ১১.৫৫ মিনিটে।

প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়াকে অ্যাকশনে দেখতে চান? তা হলে নজর রাখতে হবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে। সেখানে বিনামূল্যে এই ইভেন্ট দেখা যাবে। এ ছাড়া প্যারিস অলিম্পিকের ইভেন্টগুলি ব্রডকাস্ট হচ্ছে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে।

Follow Us