
কলকাতা : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাস তিনেক। এর মধ্যেই ইতালির বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। একাধিক আন্তর্জিক মিডিয়া জানাচ্ছে, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ যখন নিশ্চিত নয়, তখন সম্ভবত বিকল্প কোনও পরিকল্পনা করেছে ফিফা। আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ফিফা কিছু বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
এই বিশ্বকাপে আগেই উঠতে পারেনি ইতালি। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপের মূলপর্ব খেলা থেকে ছিটকে যায় ইতালি। ইরানের সঙ্গে গ্ৰুপে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। আপাতত, ইরানের খেলার সম্ভাবনাই বেশি। তবুও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়। যুদ্ধবিরতি ঘোষণা হলেও নিশ্চিতভাবে জানাতে পারছে না কোনও পক্ষই। শোনা যাচ্ছে, ফিফা ক্রমতালিকা অনুযায়ী বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলির পরেই রয়েছে ইতালি। সেক্ষেত্রে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। মোট ৪টি দলকে নিয়ে একটি ছোট টুর্নামেন্ট হতে পারে, যে প্রতিযোগিতার বিজয়ী দলকে সুযোগ দেওয়া হতে পারে বিশ্বকাপে।
রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই নিরাপত্তা নিয়ে সওয়াল করেছিলেন। তাঁর কথা ছিল, যদি ইরান খেলতে চায় তারা আসতেই পারে কিন্তু তাদের নিরাপত্তার গ্যারান্টি আমেরিকা নেবে না। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবেদি বলেছেন,”ইউরোপের ভিতরে কোনও সমস্যা না হলে বিশ্বকাপে সুযোগের আশা করা বৃথা। আমরা কোনও আশাই দেখছি না।” এই মুহূর্তে ইরানের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের, নাহলে টানা তৃতীয়বার বিশ্বকাপের মূলপর্বে খেলা থেকে ব্যর্থ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।