
কলকাতা: তৃণমূল আমলে একাধিক পদ দখল করে রেখেছিলেন তিনি। তবে ক্ষমতার পালাবদলের পর থেকে সব দখল করা জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এবার বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যিনি ময়দানে বাবুন নামেই পরিচিত। মঙ্গলবারই চিঠি দিয়ে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। দুপুরে কার্যকরী কমিটিকে চিঠি দিয়ে তিনি পদত্যাগের কথা জানান বলে জানা গিয়েছে।
প্রায় ১০ বছর ধরে এই বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির পদে ছিলেন স্বপন। তিনি আবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তবে শোনা গিয়েছিল, রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিদায়ের পরেও আসন আঁকড়ে বসে ছিলেন তিনি। এরপরেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। ২২টি জেলা সংস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। শুধু প্রস্তাবই আনা নয়, রীতিমতো লিখিত ভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে। তৃণমূল জমানায় একাধিক ক্রীড়া সংস্থার মাথায় ছিলেন বাবুন। রাজ্যে পালাবদলের পর সব সংস্থা থেকেই সরতে হল মোহনবাগানের প্রাক্তন ফুটবল সচিবকে। শুধু টেবল টেনিস নয়, বক্সিং, হকি, কবাডিরও রাজ্য সংস্থার শীর্ষ পদেও থেকেছেন তিনি।
সম্প্রতি নতুন স্পোর্টস কোড চালু করছে কেন্দ্রীয় মন্ত্রক। এর ফলে কোনও একজন একাধিক পদে থাকতে পারবেন না। এই কারণেই একপ্রকার তিনি সরে দাঁড়ালেন বলে আন্দাজ করা হচ্ছে। যদিও বর্তমানে বক্সিং ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি পদে আছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সরে দাঁড়ানোর ফলে টেবল টেনিস ফেডারেশনের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা জোরালো হল।