Mohunbagan Supergiant: নতুন মরশুমের আগেই চমক, বসনিয়ান তারকাকে সই করাল সবুজ-মেরুন!

Samir Zeljković: সদ্য সমাপ্ত হওয়া ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফসির জার্সিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে স্বচ্ছন্দ সমীর। অতীতে খেলেছেন বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের লিগেও। সদ্য সমাপ্ত জাতীয় লিগে দুটি গোল করার পাশাপাশি তিন অ্যাসিস্ট করেছেন তিনি।

Mohunbagan Supergiant: নতুন মরশুমের আগেই চমক, বসনিয়ান তারকাকে সই করাল সবুজ-মেরুন!
বসনিয়ার সমীর এবার মোহনবাগানে।Image Credit source: Mohun Bagan Super Giant

| Edited By: Moumita Das

Jun 11, 2026 | 5:33 PM

কলকাতা: ২০২৬ এর শুরুটা তত ভাল হয়নি মোহনবাগানের (Mohunbagan Supergiant) জন্য। হাতছাড়া হয়েছে আইএসএল (ISL)। একমাত্র ট্রফি আইএফএ শিল্ড (IFA Shield) ছাড়া কিচ্ছু আসেনি মোহনবাগানের ভাগ্যে। আইএসএলের ডার্বিতে প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারাতে পারেনি মোহনবাগান। ফর্মে না থাকা দিমি পেত্রাতোসের (Dimi Petratos) সঙ্গে দলের সম্পর্ক প্রায় তলানিতে। দিমি নিজেই জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ সিজন, সেই মতোই আইএসএল শেষ হতেই দিমি ফিরেছেন ঘরে। কোচ সের্জিও লোবেরাকেও (Sergio Lobera) সরাতে পারে মোহনবাগান, সেই খবরই শোনা যাচ্ছে। বাগান ছাড়লেন টম আলড্রেডও (Tom Aldred)। তবে এর মধ্যেই আগামী সিজন নিয়ে ভাবতে শুরু করে দিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

বসনিয়ার ২৮ বছর বয়সী সমীর জেলকোভিচকে দুই বছরের জন্য দলে নিল মোহনবাগান। বসনিয়া-হার্জেগোভিনার (Bosnia-Harzegovina) জাতীয় দলে খেলা ফুটবলার এবার খেলবেন সবুজ-মেরুন জার্সিতে। দুই বছরের চুক্তিতে তাঁকে দলে নেওয়া হয়েছে মোহনবাগান। সদ্য সমাপ্ত হওয়া ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফসির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সমীর। মোহনবাগান সুপার জায়ান্ট দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তিনি দুই পজিশনে সমান তালে খেলতে পারেন। তাঁর উচ্চতা ছয় ফুট হওয়ার কারণে বাড়তি সুবিধে পান সমীর। ডিফেন্সে খেলার পাশাপাশি তিনি আক্রমণ করতেও সিদ্ধহস্ত। অতীতে খেলেছেন বসনিয়া প্রিমিয়ার লিগ ও উজবেকিস্তানের লিগেও। সদ্য সমাপ্ত জাতীয় লিগে দুটি গোল করার পাশাপাশি তিন অ্যাসিস্ট করেছেন সমীর।

মোহনবাগানে সাক্ষর করার পর এমবিএসজি মিডিয়াকে সমীর জানিয়েছেন,“ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আই এস এলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আইএসএল তো বটেই সব ট্রফি জিততে চাই।” ইতিমধ্যেই তাঁকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার সমীরের আসার ফলে বাগান দলের ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও উন্নতি ঘটে কি না, সেদিকেও নজর থাকবে বাগান সমর্থকদের।

 

 

Follow Us