IND vs AFG: ‘সরি, মায়ের ফোন…’ সাংবাদিক সম্মেলন থামিয়ে ফোন ধরে চর্চায় নিতীশ রেড্ডি!

Nitish Reddy: ব্যাটে নেমে ৬৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শুবমান গিল। ১৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন কেএল রাহুলও। প্রায় ১৩ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে ম্যাচের পর সাংবাদিক থেকে সমর্থক - সবার মন জয় করলেন নীতিশ কুমার রেড্ডি।

IND vs AFG: সরি, মায়ের ফোন... সাংবাদিক সম্মেলন থামিয়ে ফোন ধরে চর্চায় নিতীশ রেড্ডি!
মন জিতলেন নিতীশ।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 14, 2026 | 10:29 AM

ধর্মশালা: গতকালই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে হেলায় জিতেছে ভারত (Indian Cricket Team)। দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন আফগান দলের নির্ভরযোগ্য ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। তবে ম্যাচের পর সাংবাদিক থেকে সমর্থক – সবার মন জয় করলেন ভারতের নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সাংবাদিক সম্মেলন থামিয়ে মায়ের ফোন তোলায় ইতিমধ্যেই চর্চায় নীতিশ।

ধর্মশালায় গতকাল প্রথম ওয়ান ডে ছিল ভারতের। বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘন্টা পর শুরু হয় ম্যাচ। ৫০ ওভারের ম্যাচ খেলা হয় ২৫ ওভারে। এই ম্যাচে সহজে জয় পায় ভারত। তারপরেই সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দেওয়ার সময় হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে নীতিশ বলেন,”মায়ের ফোন এসেছে, একটু ফোনটা তুলছি।” ফোন তুলে নীতিশ জানান, তিনি সাংবাদিক সম্মেলনে রয়েছেন। বেশ কিছুক্ষন কথা বলে আবার সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন তিনি। এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে বিসিসিআই। এরপরেই নীতীশের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

যদিও ম্যাচে খুব একটা অসুবিধে হয়নি ভারতের। ২৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৪ রানে অল আউট হয়ে যায় আফগানরা। ৫১ বলে ১০২ রান করেছেন প্রাক্তন কেকেআর ব্যাটার গুরবাজ। ৩টি করে উইকেট পেয়েছেন গুরনুর ব্রার ও হর্ষ দুবে। ২ উইকেট পেয়েছেন অর্শদীপ সিং। জবাবে ব্যাটে নেমে ৬৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শুবমান গিল। ১৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন কেএল রাহুলও। প্রায় ১৩ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে ম্যাচের পরে চর্চায় একজনই, নিতীশ কুমার রেড্ডি।

Follow Us