India vs Pakistan : পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ এখনও ‘বিশ বাওঁ জলে’, স্পষ্ট করল কেন্দ্রীয় মন্ত্রক!

IND vs PAK : গতবছর এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাওঁতে হামলার পরেই বিপুল রোষে পড়ে পাকিস্তান। এই ঘটনার পরেই আগস্ট মাসে নীতি এনেছিল ভারত। তখন মন্ত্রক বলেছিল, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও কোনও প্রতিযোগিতা হলে সেখানে পাকিস্তানের সঙ্গে খেললে কোনও অসুবিধে নেই।

India vs Pakistan : পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ এখনও বিশ বাওঁ জলে, স্পষ্ট করল কেন্দ্রীয় মন্ত্রক!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 06, 2026 | 7:31 PM

কলকাতা : ২০১২-১৩, শেষবার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) । তারপর থেকে এশিয়া কাপ (Asia Cup), বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজ আর খেলেনি দুই দেশ। তবে শুধু ক্রিকেট নয়, কোনও ক্রীড়াক্ষেত্রেই এই দুই দেশের কোনও সিরিজ হয়নি। এই নিয়েই এবার নতুন বিবৃতি দিল কেন্দ্রীয় মন্ত্রক (Sports Ministry)।

আজ বুধবার বিবৃতি দিয়ে কেন্দ্র জানিয়েছে,”দুই দেশের মধ্যে কোনও ধরণের দ্বিপাক্ষিক সিরিজ আগামী দিনে হবে না কিন্তু যদি এই দেশে কোনও ক্রীড়ার ইভেন্টে পাকিস্তানি ক্রীড়াবিদরা অংশগ্রহণ করতে আসেন, তাহলে তাতে ভারত হস্তক্ষেপ করবে না। তাদেরও বাধা দেওয়া হবে না।” এমনকি ক্রীড়া মন্ত্রক এও জানিয়েছে, বিদেশের যাবতীয় ক্রীড়াবিদ, কর্তাদের ক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে ভিসা পাওয়ার প্রক্রিয়া। ২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজন, অলিম্পিক আয়োজনের কথা মাথায় রেখে এই ভাবনা ভেবেছে কেন্দ্রীয় মন্ত্রক। ক্রীড়া মন্ত্রক এও বলেছে,”পাকিস্তানে অনুষ্ঠিত কোনও প্রতিযোগিতায় ভারত অংশগ্রহণ করবে না। ঠিক তেমনভাবে পাকিস্তানও ভারতে এসে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ভারত, সেখানে পাকিস্তান থাকলেও কোনও অসুবিধে নেই ভারতের।”

গতবছর এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাওঁতে হামলার পরেই বিপুল রোষে পড়ে পাকিস্তান। এই ঘটনার পরেই আগস্ট মাসে নীতি এনেছিল ভারত। তখন মন্ত্রক বলেছিল, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও কোনও প্রতিযোগিতা হলে সেখানে পাকিস্তানের সঙ্গে খেললে কোনও অসুবিধে নেই। এর মধ্যেই ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করবে। ভারত যতই বলুক, অলিম্পিক্সের নিয়ম মেনে এই প্রতিযোগিতা আয়োজন করতে চায় তারা, তবুও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের আশা এক প্রকার বিশ বাওঁ জলে, বলাই যায়।

Follow Us