PV Sindhu Badminton: ২৪ ঘন্টায় ৩টে ম্যাচ! এশিয়ান গেমসের সূচি নিয়ে ক্ষোভ পিভি সিন্ধুর!

Asian Games 2026: কোয়ার্টার ফাইনালে হক-আই-রিভিউ সিস্টেম না থাকার ফলে হতাশা প্রকাশ করেন সিন্ধু। ইচিনোমিয়া জিমনেসিয়াম হলের কোর্ট ৪-এ অনুষ্ঠিত ম্যাচে এই প্রযুক্তি ছিল না। হক-আই প্রযুক্তির ক্যামেরা ছিল কেবল কোর্ট ১ ও কোর্ট ২তে।

PV Sindhu Badminton: ২৪ ঘন্টায় ৩টে ম্যাচ! এশিয়ান গেমসের সূচি নিয়ে ক্ষোভ পিভি সিন্ধুর!
পিভি সিন্ধুImage Credit source: Getty Images

|

Sep 27, 2026 | 7:34 PM

জাপান : এশিয়ান গেমস থেকে ব্যাডমিন্টনে বিদায় ঘটে গিয়েছে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর। একটিও পদক না জিতেই বিদায় নিয়েছেন তিনি। এরপরেই এশিয়ান গেমসের সূচি নিয়ে সরব হয়েছেন সিন্ধু। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ৩টি সিঙ্গলস ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত বিশ্রামের সময় বা সুযোগ পাননি বলে জানালেন ২ বারের অলিম্পিক পদকজয়ী।

শনিবার দুপুরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন সিন্ধু। একই দিনে তৃতীয় রাউন্ডের ম্যাচও খেলতে হয়েছে তাঁকে। সেই ম্যাচ শেষ হয় স্থানীয় সময় রাত ১টা নাগাদ। এর মাত্র কয়েক ঘন্টা পরই দুপুর দেড়টা নাগাদ কোয়ার্টার ফাইনালে চিনের চেন ইউফেইয়ের মুখোমুখি হন তিনি। চেনের বিরুদ্ধে লড়াইতে প্রথম গেমে ১১-২১ হেরে গেলেও দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান সিন্ধু। তবে শেষ পর্যন্ত ১৮-২১, ১০-২১ ব্যবধানে হারতে হয় তাঁকে। এর পরেই ম্যাচের সূচি নিয়ে ক্ষোভ উগরে দেন সিন্ধু। তাঁর কথায়, “ম্যাচের সূচি খুব ভালভাবে প্ল্যান করা হয়নি। আমরা খুব রাতে ঘুমিয়েছি। তারপর সকালে উঠে আবার খেলতে হয়েছে। রেস্ট খুব দরকার।” শুধু মানসিক প্রস্তুতি নয়, দীর্ঘ এই যাত্রায় শারীরিক অবস্থা ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ, মত সিন্ধুর। তিনি বলেন, “আপনি ভাবেন যে আপনি ভাল খেলছেন, কিন্তু শারীরিকভাবে হয়ত করছেন না। এর প্রভাব পড়ে আপনার খেলায়। আপনার পা আর নড়তে চায় না।”

তবে চেনের বিরুদ্ধে নিজের পারফরম্যান্সকে পুরোপুরি খারাপ বলতে নারাজ সিন্ধু। তাঁর মতে, ম্যাচে ভাল লড়াই করেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিযোগিতার সূচি আরও ভালভাবে পরিকল্পনা করার প্রয়োজন বলে জানান তিনি। এখানেই শেষ নয়। কোয়ার্টার ফাইনালে হক-আই-রিভিউ সিস্টেম না থাকার ফলে হতাশা প্রকাশ করেন সিন্ধু। ইচিনোমিয়া জিমনেসিয়াম হলের কোর্ট ৪-এ অনুষ্ঠিত ম্যাচে এই প্রযুক্তি ছিল না। হক-আই প্রযুক্তির ক্যামেরা ছিল কেবল কোর্ট ১ ও কোর্ট ২তে।

সিন্ধুর দাবি, ম্যাচে অন্তত ২-৩টি শট লাইনের খুব কাছাকাছি ছিল। “এখানে কোনও ক্যামেরা ছিল না। বিষয়টি খুব দুঃখজনক। আমার মনে হয়েছে ২-৩টি শট লাইনে পড়েছিল। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ক্যামেরা থাকা উচিত।” বলেন তিনি। এশিয়ান গেমসে তাঁর বিদায়ের পর ব্যাডমিন্টনে ভারতের পদকের আশা শেষ হয়ে গেল। ২০৩০ সালের এশিয়ান গেমসে তিনি খেলবেন কি না, তা নিয়ে এখনই কিছু জানানি তিনি। আপাতত তাঁর লক্ষ্য চোটমুক্ত থাকা ও ফিটনেস ধরে রাখা।

Loading...
Unable to load recommendations.
Follow Us