
বেলুচিস্তান: পাকিস্তান মানেই যেন বিপত্তি। এমন এমন সব ঘটনা পাকভূমে ঘটে, যা দেখে মাঝেমধ্যে সত্যিই বিস্ময় প্রকাশ করতে হয়, আদৌ আমরা পৃথিবীতেই বাস করি তো? এমন একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। বেলুচিস্তানে কোয়েটা যাবার পথে একটি ফুটবল দলের বসে বন্ধুকধারীরা ডাকাতি করেছে। সোমবার সন্ধ্যেতে মাস্তুঙ ও সারিয়াবের মাঝামাঝি অঞ্চলে এই ঘটনা ঘটেছে। দলটির নাম করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ফুটবল টিম। তারা যাচ্ছিল কোয়েটায় চিফ মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট খেলতে। এমন সময় ঘটে এই দুঃসাহসিক ঘটনা।
সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ফুটবল দলটি কোয়েটা যাওয়ার পথে প্রায় এক ডজন সশস্ত্র ব্যক্তি তাদের বাস আটকে দাঁড়ায়। এরপর সব যাত্রীকে বাস থেকে নামতে বাধ্য করে। তারপরই খেলোয়াড়দের মোবাইল ফোন, টাকা ও সব মূল্যবান সামগ্রী নিয়ে সব ফাঁকা করে দেয়। দলের ম্যানেজার জুলফিকার আলি ভুট্টো বলেন, ডাকাতির সময় কয়েকজন যাত্রীকে মারধরও করা হয়। সশস্ত্র ব্যক্তিরা সবাইকে বাস থেকে নামতে বলে। এরপর তারা সব মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে যায়। কয়েকজনকে অস্ত্রের বাঁট দিয়েও আঘাত করা হয়। লুটের পর শেষ অবধি কোয়েটা পৌঁছয় দলটি। তবে খেলোয়াড়দের হাতে কোনও টাকা ছিল না। বিষয়টি বেলুচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে জানানো হলে দলের সদস্যদের দৈনিক ভাতা দেওয়া হয়।
ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোয়েটাতে বাস বা ট্রেনে করে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবুও এঁরা শোনেননি। সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মহম্মদ আজম জানান, নিরাপত্তাজনিত কারণেই সড়ক বা রেলপথে যেতে বারণ করা হয়েছিল। তিনি আরও জানান, পাঞ্জাব ও খাইবার পাখতুনওয়া ফুটবল অ্যাসোসিয়েশনও টুর্নামেন্টে দল পাঠায়নি। এমনকি এর আগেও এই অঞ্চলে দুই ক্রিকেটারকে অপহরণও নাকি করা হয়েছিল।