England vs India: সল্ট-ব্রুক ঝড়ে ফিকে শ্রেয়সের লড়াই, আবার সিরিজ হার ভারতের!

Team India: চলতি বছরের প্রথমার্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকেই টি-টোয়েন্টিতে ভরাডুবি ঘটছে টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের। ফলে, আরও চাপ বাড়ল নতুন ক্যাপ্টেন শ্রেয়সের।

England vs India: সল্ট-ব্রুক ঝড়ে ফিকে শ্রেয়সের লড়াই, আবার সিরিজ হার ভারতের!
জয়ের পর ব্রুক ও সল্ট।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 10, 2026 | 11:09 AM

ব্রিস্টল : কবে জিতবে ভারত? এই প্রশ্নেই উত্তাল এখন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের মন? আগের ম্যাচে ৭৬ রানে অল আউট হওয়ার পর আজ অন্তত ভারতীয় দলের থেকে প্রতিরোধ আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলে শুক্রবারও জয় পেল না শ্রেয়স বাহিনী। টানা হারে যেন বিপর্যস্ত ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ সিরিজ হার, ইংল্যান্ডের বিরুদ্ধেও এখনও জয়হীন টিম ইন্ডিয়া। ৪ ম্যাচ খেলে হার ৩, নো রেজাল্ট ১, জয় ০। ইংল্যান্ড এগিয়ে ৩-০।

টসে জিতে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া। দুই ওপেনার বৈভব (১৫) ও অভিষেক (১৬) বড় রান করতে ব্যর্থ। ঈশান কিষান (৪) থেকে তিলক (১১) – রান পাননি কেউই। তবে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি আটকান একমাত্র ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ৪৯ বলে খেললেন ৮০ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। একপ্রকার তাঁর ব্যাটে ভর করেই ৭ উইকেটে ১৫৮ রান তোলে ভারতীয় দল।

জবাবে প্রথমেই আউট হন বাটলার (৮)। এই একটিই উইকেট পায় ভারত। এরপর ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। ৪২ বলে ৫৯ রান করলেন আরসিবি ওপেনার সল্ট। মারলেন ৯টি চার ও একটি ছক্কা। ৩৫ বলে ৭৯ রান করলেন ব্রুক। মারলেন ৮টি চার ও ৪টি ছক্কা। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ৩-০ এগিয়ে ইংল্যান্ড।

চলতি বছরের প্রথমার্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকেই টি-টোয়েন্টিতে ভরাডুবি ঘটছে টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কাছেও সিরিজ হারতে চলেছে ভারত। বাকি আর ১ ম্যাচ। এই একটি ম্যাচে ভারত জিতলেও সিরিজ হবে ৩-১, ফলে ইংল্যান্ডের কাছেও হারতে হবে ভারতকে। ফলে, আরও চাপ বাড়ল নতুন ক্যাপ্টেন শ্রেয়সের। কবে জিতবে ভারতীয় দল, আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকরা।

Follow Us